কেকেআর তারকার জীবনে ‘লাভ ম্যাচ’, চার্লির সঙ্গে সাতপাকে রমনদীপ

RAMANDIP SING MARRIAGE PIC- PUNJAB KINGS INSTAGRAM

অবশেষে চার হাত এক হল। বিয়ে করলেন পঞ্জাবের ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা রমনদীপ সিং। অভিনেত্রী চার্লি চৌহানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

চার্লি চৌহান এমটিভির একাধিক অনুষ্ঠান ও ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রমনদীপও ক্রিকেটপ্রেমীদের মধ্যে পরিচিত মুখ। অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই তাঁদের বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।

ক্রিকেট ও বিনোদন জগতের তারকাদের মধ্যে সম্পর্ক অবশ্য নতুন নয়। টাইগার পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা, পরবর্তীতে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা দুই জগতের সম্পর্কের তালিকায় এবার নতুন সংযোজন রমনদীপ-চার্লি জুটি।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে, রমনদীপকে ক্রিম ও সোনালি রঙের শেরওয়ানিতে দেখা গিয়েছে। অন্যদিকে, চার্লির পরনে ছিল লালচে-মেরুন রঙের বিয়ের পোশাক। ভারী গয়নায় সেজেছিলেন অভিনেত্রী।

রমনদীপের আইপিএল সফর শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় তাঁর। পরে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে ২০২৪ সালের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। বর্তমানে তিনি পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেন। মাঝখানে তিনি পঞ্জাব কিংস দলেও ছিলেন কিছুদিন।

চার্লি চৌহান মূলত ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়ান’ ও ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ এর মতো টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান। এছাড়াও ‘এমটিভি রোডিজ’-এর মতো রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছেন তিনি। ফলে বিনোদন দুনিয়ায় তাঁর পরিচিতিও দীর্ঘদিনের।

রমনদীপ ও চার্লির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সারলেও তাঁদের এই নতুন জীবনের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট ও বিনোদন মহলেই।