চোটের কারণে রাইজ়িং স্টার্স এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালেন পাটীদার, সহ-অধিনায়ক রিঙ্কু

রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করলেন রজত পাটীদার। ভারত ‘এ’ দলের সহ-অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল তাঁর। কিন্তু ফিটনেসজনিত সমস্যার কারণে আপাতত এক দিনের ক্রিকেটে তাঁকে বিবেচনা না করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন পাটীদার। তাঁর সেই আবেদন মেনে নিয়েছে বিসিসিআই। বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন আয়ুষ বদোনি। পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্বও বদল করা হয়েছে।

রবিবার একটি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, “রজত পাটীদার বোর্ডকে জানিয়েছে, ওকে যেন ৫০ ওভারের ফরম্যাটে কোনও দলে না নেওয়া হয়। ও এখন চোট সারাতে ব্যস্ত।” তবে ঠিক কী ধরনের চোটে ভুগছেন পাটীদার, কিংবা সুস্থ হতে কত দিন সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।

গত বছরও চোটের কারণে ঘরোয়া ক্রিকেটে সমস্যায় পড়েছিলেন মধ্যপ্রদেশের এই ব্যাটার। আইপিএল চলাকালীন আঙুলেও চোট পেয়েছিলেন তিনি। সম্প্রতি বরোদার বিরুদ্ধে মধ্যপ্রদেশের হয়ে শেষ রঞ্জি ম্যাচে খেলেছিলেন পাটীদার। সেই ম্যাচে ফের কোনও চোট পেয়েছেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। পরপর দু’বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়কের এই সিদ্ধান্তে তাই ভারত ‘এ’ দলের পরিকল্পনায় বদল আনতে হল।


পাটীদারের পরিবর্ত হিসেবে আয়ুষ বদোনির নাম ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ সদস্যের দলে অধিনায়ক তিলক বর্মার ডেপুটি ছিলেন পাটীদার। তাঁর পরিবর্তে এবার সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন রিঙ্কু সিংহ। অর্থাৎ, রাইজ়িং স্টার্স এশিয়া কাপে কেকেআরের এই ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে রাইজ়িং স্টার্স এশিয়া কাপ। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ভারত ‘এ’ দল রয়েছে গ্রুপ ‘এ’-তে। একই গ্রুপে রয়েছে পাকিস্তান ‘এ’, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং।

২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে অভিযান শুরু করবে তিলক বর্মার দল। ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’-র মুখোমুখি হবে ভারত। গ্রুপের শেষ ম্যাচ ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দুই গ্রুপের প্রথম দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।

ভারত ‘এ’ দল:

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরণ সিংহ, তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিংহ (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র, সূর্যাংশ শেরগে, শাহবাজ় আহমেদ, বিপরাজ নিগম, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান এবং আয়ুষ বদোনি।