এশিয়ান গেমসগামী ভারতীয় হকি দলে শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল হকি ইন্ডিয়া। তরুণ মিডফিল্ডার আদিত্য অর্জুন লালাগের পরিবর্তে ২০ সদস্যের দলে জায়গা পেলেন অভিজ্ঞ মিডফিল্ডার রাজ কুমার পাল। জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। এই প্রতিযোগিতার সোনাজয়ী দল সরাসরি ২০২৮-এ লস অ্যাঞ্জেলিস অলিম্পিক্সের টিকিট পাবে।
বিশ্বকাপের দলে জায়গা না পেলেও এশিয়ান গেমসের জন্য ফের ভরসা রাখা হয়েছে রাজ কুমার পালের উপর। অন্যদিকে, লালাগে রয়েছেন আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত হকি বিশ্বকাপের ২০ সদস্যের ভারতীয় দলে। সেই কারণে বিশ্বকাপ ও এশিয়ান গেমসের স্কোয়াডে একমাত্র এই পরিবর্তন করা হয়েছে।
অধিনায়ক হিসেবে থাকছেন তারকা ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিং। অভিজ্ঞ মিডফিল্ডার মনপ্রীত সিং-ও রয়েছেন দলে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দলকে নিয়েই শিরোপা ধরে রাখার লক্ষ্য ভারতের।
দল ঘোষণার পর ভারতীয় দলের প্রধান কোচ ক্রেগ ফুলটন বলেছেন, ‘এশিয়ান গেমসের জন্য আমরা অত্যন্ত অভিজ্ঞ একটি দল বেছে নিয়েছি। জাপানে খেলতে নামার জন্য আমরা মুখিয়ে রয়েছি। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সরাসরি লস অ্যাঞ্জেলিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করবে। সেটাই আমাদের দলের প্রধান লক্ষ্য’।
ভারত রয়েছে পুল এ-তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়োজক জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। ২০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হরমনপ্রীতরা। গতবারের সোনাজয়ী ভারত এবারও খেতাব বজায় রেখে সরাসরি অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করতে মরিয়া।
এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ভারতীয় পুরুষ হকি দল:
গোলরক্ষক:
- মোহিত এইচএস
- সুরজ কারকেরা
ডিফেন্ডার:
- জারমানপ্রীত সিং
- হরমনপ্রীত সিং (অধিনায়ক)
- অমিত রোহিদাস
- জুগরাজ সিং
- সঞ্জয়
- সুমিত
- যশদীপ সিওয়াচ
মিডফিল্ডার:
- রাজিন্দর সিং
- রাজ কুমার পাল
- হার্দিক সিং
- মনপ্রীত সিং
- নীলাকান্ত শর্মা
- বিবেক সাগর প্রসাদ
ফরোয়ার্ড :
- দিলপ্রীত সিং
- শিলানন্দ লাকড়া
- সুখজিৎ সিং
- মনদীপ সিং
- অভিষেক