নারীদের এক দিনের বিশ্বকাপ ফাইনালের আগে আচমকা বৃষ্টি ফের অস্থিরতা তৈরি করল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। নির্দিষ্ট সময়ে টস হওয়ার কথা থাকলেও বিকেলের ঠিক আগে আকাশ কালো হয়ে আসে। শুরু হয় টানা বৃষ্টি। মুহূর্তে মাঠকর্মীরা ছুটে গিয়ে সারা মাঠ ঢেকে ফেলেন। ক্রিকেটারেরা নিরাপত্তার স্বার্থে দ্রুত ডাগ আউটে ঢুকে পড়েন।
স্টেডিয়ামের ভিতর থেকে জানা গিয়েছে, বৃষ্টি বাড়তে থাকায় আউটফিল্ডের কয়েকটি জায়গায় জল জমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আম্পায়ার ও ম্যাচ রেফারিরা মাঠ পর্যবেক্ষণ করে জানান, টস আপাতত স্থগিত। আবহাওয়া পরিষ্কার হলে নতুন সময় ঘোষণা করা হবে।
বৃষ্টির মধ্যেই গ্যালারিতে জড়ো হওয়া দর্শকদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা। অনেকেই স্টেডিয়ামের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ বলেন, ‘এত বড় ম্যাচে এমন আবহাওয়া মন খারাপ করে দিল।’ ম্যাচ আয়োজকদের তরফে ঘোষণা করা হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে খেলা শুরু করা হবে। তবে অবস্থার অবনতি হলে রিজার্ভ দিনের নিয়ম কার্যকর হতে পারে।
স্বস্তির খবর হল যে, আপাতত মুম্বইতে বৃষ্টি কিছুটা থেমেছে। আম্পায়াররা ইতিমধ্যেই মাঠ পরিদর্শন করে গিয়েছেন। জানা যাচ্ছে, বিকেল সাড়ে চারটে নাগাদ টস হবে। এরপর খেলা শুরু হবে পাঁচটা থেকে। তবে এখনও, মাঠের বেশকিছু জায়গায় জল জমে রয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, বিকেল পাঁচটার মধ্যে যদি খেলা শুরু না করা যায়, সেক্ষেত্রে ধীরে ধীরে ওভার সংখ্যা কমতে শুরু করবে। অর্থাৎ, পাঁচটার মধ্যে খেলা শুরু করা না গেলে ফাইনালে পুরো ৫০ ওভারের খেলা হয়তো হবে না। কিন্তু, ফাইনাল শুরু করতে হলে দু’দলকে অন্তত ২০ ওভার করে খেলতেই হবে। ২০ ওভারের খেলা শুরু করার শেষ সময় রাত ৯:০৮ মিনিট। অর্থাৎ, যদি সেই সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তা হলে আজ আর খেলা হবে না। সেক্ষেত্রে সোমবার রিজার্ভ ডে’তে খেলা হবে।
ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে, এমন আবহাওয়ায় পিচের স্বভাব কীভাবে বদলাবে। কেউ বলছেন, আর্দ্রতার কারণে বল হঠাৎ করে বেশি ঘুরতে পারে। তবে সবটাই নির্ভর করছে বৃষ্টি কবে থামবে তার উপর। এক কথায়, বিশ্বকাপের মহাযুদ্ধের আগে মুম্বইয়ের বৃষ্টি আবারও সমস্ত সম্ভাবনাকে এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।