সিরাজের বাদ পড়া নিয়ে গম্ভীর-গিলকে খোঁচা অশ্বিন-আজহারদের, দল বাছাইয়ে ক্ষুব্ধ প্রাক্তনরা

R Ashwin-Md Siraj Photo-SNS

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম এগারো দেখে বিস্মিত ক্রিকেটমহল। শুধু মহম্মদ সিরাজ নন, বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজাও। আর এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বাদ পড়া নিয়েই এ বার সরব হলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সমাজমাধ্যমে তাঁর সংক্ষিপ্ত মন্তব্যেই ধরা পড়েছে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ।

বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। সবুজ পিচের কথা মাথায় রেখে চার পেসার নিয়ে মাঠে নামে ভারত। দলে জায়গা পান জসপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অংশুল কম্বোজ। কিন্তু চার পেসার খেলিয়েও সিরাজকে প্রথম একাদশে রাখা হয়নি। অন্য দিকে, একমাত্র স্পিনিং অলরাউন্ডার হিসেবে জাদেজার বদলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

এই সিদ্ধান্ত নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে
অশ্বিন মন্তব্য করেন, ‘সিরাজকে বাদ দেওয়ার জন্য এক সপ্তাহ ধরে কেন এমন একটা পরিবেশ তৈরি করা হল? শুধু এক সপ্তাহ নয়, গত এক মাস ধরেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। প্রথমে ওকে এক দিনের সিরিজে খেলানো হল না। সামনে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে, আর সেখানে সিরাজকে প্রয়োজন নেই? বলুন তো, এ কেমন কথা! কী ভাবে ওকে প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে? ২০২৩ সালের বিশ্বকাপে সিরাজ কেমন দুর্দান্ত পারফর্ম করেছিল, তা তো আমরা দেখেছি’।


প্রাক্তন তারকা স্পিনার আরও বলেন, ‘মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরার জায়গা নিয়ে কোনও আলোচনাই হওয়া উচিত নয়। প্রথম দু’টি নাম হিসেবে তাঁদেরই দলে রাখা উচিত। আগে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরার নাম লিখুন, তার পর বাকি দু’জন পেসার খুঁজুন। এখানে প্রতিযোগিতার প্রশ্ন আসছে কোথা থেকে? আমি কিছুতেই বুঝতে পারছি না’।

প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেন, ‘ভারতীয় দলে মহম্মদ সিরাজকে না দেখে আমি হতাশ। বিশেষ করে বুমরা না থাকায় যখন দলের ওকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সিরাজের পারফরম্যান্সে ওর দায়বদ্ধতা, দক্ষতা এবং লড়াই করার মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছে। ধারাবাহিক ভাবে ও দলের প্রয়োজনে এগিয়ে এসেছে এবং দেশের হয়ে নিজের সেরাটা দিয়েছে। কম্বোজের জন্য আমার শুভেচ্ছা রইল। তবে আমার বিশ্বাস, সিরাজের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। আশা করি, এই সিদ্ধান্তের কারণ ওকে যথাযথ স্বচ্ছতা এবং সম্মানের সঙ্গে বুঝিয়ে বলা হবে’।

অশ্বিনের মন্তব্যের আগেই সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কর। তিনি বলেন, সিরাজের বোলিংয়ে এমন কিছু চোখে পড়েনি, যার জন্য তাঁকে বাদ দিতে হবে। তাঁর ছন্দও ভাল রয়েছে। কেন তাঁকে দলে রাখা হল না, তা বুঝতে পারছেন না তিনি।

প্রাক্তন ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও সিরাজের বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘সিরাজকে বাদ দেওয়ায় আমি হতবাক এবং হতাশ। দলের যা যা প্রয়োজন হয়েছে, ও সবই করেছে। বুমরা না থাকলে বোলিং আক্রমণের দায়িত্বও সামলেছে। দলের জন্য সব সময় ইতিবাচক থেকেছে’।

প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ওয়াশিংটনকে জাদেজার বদলে খেলানোর যুক্তি বোঝা যায়, কারণ নিউজিল্যান্ডের দলে বাঁহাতি ব্যাটার রয়েছেন। কিন্তু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একেবারেই অবাক করার মতো। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সিরাজের পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

অধিনায়ক শুভমন গিল অবশ্য জানিয়েছেন, চার পেসার বেছে নেওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। তাঁর কথায়, ‘গত এক সপ্তাহ ধরে আমরা ভাবছিলাম কোন কম্বিনেশনে খেলব। আমাদের সব পেসারই ভাল বল করছে। সিরাজ এবং গুরনুর—দু’জনকেই বাদ দেওয়া খুব কঠিন সিদ্ধান্ত ছিল’।

প্রথম একাদশ বাছাইয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত যে বিতর্ক তৈরি করেছে, অশ্বিন-আজহারদের প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট। এবার পারফরম্যান্স দিয়ে সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করার দায়িত্ব বুমরাদের।