বুমরার ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন

ফাইল চিত্র

আইপিএলের মঞ্চে পরপর হারে একপ্রকার বিধস্ত মুম্বাই ইন্ডিয়ান্স। তার উপর চিন্তা বাড়িয়েছে দলের প্রধান বোলার যশপ্রীত বুমরার উইকেট না পাওয়া। এবারের আইপিএলে এখনও অবধি পাঁচটি ম্যাচ খেললেও একটিও উইকেট পাননি তিনি। বরং, ১৬৪ রান হজম করেছেন তারকা এই পেসার। আর এরফলে প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি পুরোপুরি ফিট মুম্বাইয়ের এই তারকা ব্যাটসম্যান। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তিনি মনে করছেন, বুমরা পুরোপুরি ফিট নন। প্রাক্তন এই ক্রিকেটারের মতে, বিশ্বকাপ বা তার আগে বুমরা যেমন খেলেছিলেন, আইপিএলের মঞ্চে তারকা এই পেসারের বোলিংয়ের মধ্যে সেই শরীরী ভাষাটাই দেখতে পাচ্ছেন না তিনি। আর এরফলেই জাফরের মনে হয়েছে, বুমরা একশো শতাংশ ফিট নন।

জাফর আরও বলেন, বুমরার বোলিং থেকে সেই তীক্ষ্ণতা চলে গিয়েছে। যদিও ভারতের তারকা এই পেসারের পাশে দাঁড়িয়েছেন তিনি। বলেন, ফর্ম সব সময় একই থাকে না। তাই বুমরাসব সময়েই ভাল বল করবে এটা প্রত্যাশা করা উচিত নয় বলেও জানাতে ভুললেন না জাফর। এই প্রসঙ্গে বলা যায়, আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে গিয়েছিলেন যশপ্রীত বুমরা। তখনই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে, সেইসব জল্পনা উড়িয়ে আইপিএলের প্রথম ম্যাচ থেকেই বল করতে দেখা গিয়েছে বুমরাকে। এমনকি, উইকেট না পেলেও বোলিংয়ে বিশেষ বৈচিত্র ব্যবহার করছেন তিনি। তা ছাড়া তাঁর ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকেও বুমরার ফিটনেস নিয়ে আলাদাভাবে কিছু জানানো হয়নি।