এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করাই একমাত্র লক্ষ্য ছিল না: সঙ্গীতা বাসফোর

আগামী ৪ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে এফসি এশিয়ান কাপের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা দল। দীর্ঘ ২৩ বছর ফের একবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে তারা। বাছাইপর্বে সুইটি দেবীদের দুরন্ত পারফরম্যান্সের পরে মূলপর্বের আগে ভারতীয় দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। সেই স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। শুধু তাই নয়, দেশকে প্রথমবারের জন্য বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতেও মরিয়া তিনি। এই প্রসঙ্গে বলা যায়, যোগ্যতা অর্জনপর্বের শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে তাঁর জোড়া গোলেই দীর্ঘ ২৩ বছর পর আবারও এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছিল ভারত। ম্যাচ খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াও পৌঁছে গেছে ভারতীয় দল।

এদিকে, টুর্নামেন্ট আগে বেশ আত্মবিশ্বাসী বাঙালি মিডফিল্ডার সঙ্গীতা। জানালেন, দলের প্রস্তুতি বেশ ভালো চলছে। প্রায় দেড় মাস ফুটবলাররা সকলে একসঙ্গে রয়েছেন। এতে, দলের বোঝাপড়া বেড়েছে বলেই মনে করছেন তিনি। পাশাপাশি, টুর্নামেন্ট শুরুর প্রায় মাস খানেক আগে অস্ট্রেলিয়ায় চলে আসায় এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের কোনোরকম অসুবিধা হবে না বলেই মনে করছেন বাঙালি এই মিডফিল্ডার। কম্বোডিয়ার বিপক্ষে নির্ণায়ক ম্যাচে নিজের জোড়া গোল সমন্ধে বলতে গিয়ে সঙ্গীতা বলেন, ওই দুটি গোল তাঁকে রাতারাতি প্রচারের আলোয় নিয়ে এসেছিল। যদিও বিষয়টিকে কোনওভাবেই একক কৃতিত্ব হিসেবে মানতে চান না তিনি। বরং, দলগত পারফরম্যান্সের ফলেই এটা সম্ভব হয়েছে বলে মনে জানাচ্ছেন সঙ্গীতা। যদিও, বিষয়টি নিয়ে নতুন করে আর ভাবতে চান না তিনি। বরং, গুরুত্বপূর্ণ সময়ে দলকে প্রয়োজনীয় সাহায্য করাই বর্তমানে তাঁর প্রধান লক্ষ্য।

টুর্নামেন্ট শুরুর আগে দলের মানসিকতা নিয়েও মুখ খুলেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। জানান, এশিয়ান কাপে খেলতে নামার আগে দলের সকলে যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন তারা যে প্রতিটা ম্যাচ জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন, তাও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। অন্যদিকে, নবাগত কোচ অ্যামেলিয়া ভালভার্দে সম্পর্কেও উচ্ছসিত প্রশংসা করেছেন সঙ্গীতা। বলেন, প্রায় একমাস কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন অ্যামেলিয়া। প্রতিটা খেলোয়াড়কে তিনি আলাদাভাবে বুঝিয়েছেন তিনি তাদের থেকে ঠিক কি চাইছেন।


পাশাপাশি, প্রস্তুতি ম্যাচগুলোতেও প্রায় সব খেলোয়াড়কেই ঘুরিয়ে ফিরিয়ে খেলার সুযোগ দিয়েছেন তিনি। ভারতীয় মিডফিল্ডার মনে করছেন, প্রস্তুতি ম্যাচগুলোতে কোচের চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করলেও, তাঁদের বর্তমান লক্ষ্য অবশ্যই মূলপর্বে ভালো ফলাফল করা। আর এরপরেই আত্মবিশ্বাসী সঙ্গীতা জানিয়ে দেন, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করাই একমাত্র লক্ষ্য ছিল না। বরং, বিশ্বকাপ খেলার লক্ষ্যে গ্রুপ পর্বের এই ম্যাচ গুলোকেই কাজে লাগাতে চান তিনি।