বেঙ্গালুরুর কাছে হেরে শেষ চারে খেলার স্বপ্ন হারিয়ে গেল পাঞ্জাবের

স্বপ্নহারা দলে নাম লিখিয়ে ফেলল পাঞ্জাব কিংস। এবারের আইপিএল ক্রিকেটে প্রথম পর্বের খেলায় দারুণ আশা জাগিয়ে খেতাব জয়ের সরণিতে বলিষ্ঠ পদক্ষেপ রেখেছিল শ্রেয়স আইয়ারের দল। গতবারে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তাই সবার একটা ধারণা হয়েছিল এবারেও পাঞ্জাব কিংস ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। কিন্তু রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৪ রানে হেরে যাওয়ার পরে শেষ চারে খেলায় অন্ধকার নেমে এলো। বিরাট কোহলির বেঙ্গালুরু দল প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২২ রান করে। তার জবাবে পাঞ্জাব কিংস দল খেলার শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে যায়। শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ ছিনিয়ে নিতে পারেনি শ্রেয়স আইয়ার ব্রিগেড। তাদের ইনিংস শেষ হয় ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে। স্বাভাবিকভাবে এই হারের ফলে পাঞ্জাব দলের অবস্থা সঙ্গীন হয়ে যায়।

বেঙ্গালুরু দলের প্রধান ভরসা বলতেই বিরাট কোহলি। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শতরান করে আরও আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। বিরাটের ব্যাট থেকে আসে ৫৮ রান। অর্ধ শতরান করে বিরাট বুঝিয়ে দিলেন তাঁর ব্যাট কথা বলে। বিরাট ৫৮ রানে আউট হন। ৩৭টি বল খেলার ফাঁকে বিরাট চারটি চার ও তিনটি ছক্কা মারেন। বিরাটের পাশে স্বচ্ছন্দে খেলেন দেবদত্ত পাড়িক্কল। ৫ রানের জন্য অর্ধশতরান পেলেন না। ৪৫ রান করে মাঠের বাইরে চলে যান হরপ্রীত ব্রার বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে। দুরন্ত ভূমিকা পালন করেন ভেঙ্কটেশ আইয়ার। শেষ পর্যন্ত ৭৩ রানে নটআউট থাকেন। ৪০ বলে ওই রান করতে চারটি ছক্কা ও আটটি বাউন্ডারি মারেন। ভালো খেললেন টিম দাভিদ। তিনি ২৮ রান করেন। বেঙ্গালুরু নির্দিষ্ট ওভারে ৪ উইকেটে ২২২ রান করে।

জয়ের লক্ষ্যে ২২৩ রান করতে নেমে পাঞ্জাব কিংস দল প্রথম দিকে দিশেহারা হয়ে যায়। ১০০ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস দল। বেশ চাপে পড়ে যায়। আধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ১ রান করে আউট হয়ে যান। তবে কুপার কোনোলি ৩৭ রান করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে সূ পরে সূর্যংশ একটু ধরে খেলার চেষ্টা করেন। তাঁর ব্যাট থেকে ২৫ রান আসে। মিডল অর্ডারে ইমপ্যাক্ট ক্রিকেটার মার্কাস স্টোইনিস মাঠে নেমে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তিনি ৩৭ রান করেন। শশাঙ্ক সিং ৫৬ রান করেও জয়ের মুখ দেখাতে পারেননি পাঞ্জাবকে। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯৯ রান করে হার মেনে নেয় পাঞ্জাব কিংস দল।