ইউরোপীয় ফুটবলে বুধবারের রাত পরিণত হল দুই ঐতিহ্যবাহী ক্লাবের গৌরবময় সাফল্যের মঞ্চে। টানা পঞ্চমবারের জন্য লিগ ওয়ান খেতাব জিতল পিএসজি। অন্যদিকে, চলতি মরসুমে সিরি আ-র পর কোপা ইতালিয়াও জিতে নিলো ইন্টার মিলান।
এবারের লিগ ওয়ানের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে পিএসজি। ফলে, শিরোপা নিশ্চিত করতে অ্যাওয়ে ম্যাচে লেন্সের বিপক্ষে একটা ড্র-ই যথেষ্ট ছিল লুইস এনরিকের দলের জন্য। তা সত্ত্বেও, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিরুদ্ধে কোনোরকম ঝুঁকি না নিয়ে খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ফলস্বরূপ, ২-০ ব্যবধানে জিতে টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ানের ট্রফি নিজেদের দখলে রাখলেন উসমান ডেম্বেলে’রা। এই জয়ের ফলে বর্তমানে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল প্যারিসের ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা লেন্স নিজেদের বাকি ম্যাচগুলো জিতলেও আর কোনোভাবেই পিএসজি’কে ছুঁতে পারবে না।
টানা পঞ্চমবারের জন্য খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত পিএসজি কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, “এই ম্যাচ জেতা খুব একটা সহজ ছিল না। লেন্স নিজেদের ঘরের মাঠে অসাধারণ খেলেছে। অন্যদিকে, লিগ ওয়ান খেতাব জয়ের পর ডেম্বেলের প্রধান লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়। এদিন ম্যাচ জিতে তিনি বলেন, দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। এই জয়ে তারা খুশি। তবে, এখন তাদের প্রধান লক্ষ্য আগামী ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। আর্সেনালের বিপক্ষে জিততে পারলে ট্রেবল জিততে পারে এনরিকের দল।
অন্যদিকে, কোপা ইতালিয়া ফাইনালে লাজিওকে ২-০ গোলে হারিয়ে দশমবারের জন্য এই ট্রফি জিতল ইন্টার মিলান। এদিন, ম্যাচের ১৪ মিনিট নাগাদ আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিলানের এই দলটি। ফেদেরিকো দিমারকোর কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল পাঠিয়ে দেন লাজিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিক। এরপর প্রথমার্ধের ৩৫ মিনিটে অধিনায়ক লাউতারো মার্টিনেজ দলের হয়ে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধে বেশকিছু ভালো সুযোগ পেলেও তা থেকে আর গোল করতে পারেনি কোনও দল।
এই প্রসঙ্গে বলা যায়, চলতি মরসুমে আগেই সিরি আ খেতাব জিতেছিল ইন্টার। এরফলে ২০১০ সালের পর ফের একবার একই মরসুমে লিগ ও কাপ, দুই শিরোপাই জিতল ক্রিস্তিয়ান কিভুর দল। খেতাব জিতে কিছুটা আবেগঘন হয়ে পড়েন দলের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। জানান, গত মরসুমে চূড়ান্ত হতাশার পর এবার নতুনভাবে শুরু করা দলের জন্য একেবারেই সহজ ছিল না। কিন্তু চলতি মরসুম জুড়ে দল অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। তাই, একই মরসুমে জোড়া শিরোপা জয় তাঁদের জন্য বিশেষ বলেই মনে করছেন মার্টিনেজ।