ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে সঞ্জু স্যামসনের ব্যাটিং নিয়ে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। ধারাবাহিক ব্যর্থতার জেরে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-২০ খেলতে নামছে ভারতীয় দল।
আইপিএলে তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের ধরনের কথা মাথায় রাখলে ওল্ড ট্র্যাফোর্ডে বড় রান তোলার সুযোগ রয়েছে ভারতের কাছে। কারণ, গত বছর এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ রানের গণ্ডি পেরিয়েছিল ইংল্যান্ড।
সিরিজের প্রথম ম্যাচে ভারতের শুরুটা ছিল হতাশাজনক। দ্বিতীয় ওভারের শেষে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের দুর্দান্ত রেকর্ড ধরে রাখেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ৩৪৭ রান, স্ট্রাইক রেট ২১৯.৬২। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইয়ার।
অন্যদিকে, সঞ্জু স্যামসনের ব্যাটিং-ব্যর্থতা অব্যাহত রয়েছে। শেষ তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ৫, ০ ও ১। তবুও ভারতের টিম ম্যানেজমেন্ট এখনও স্পষ্ট করে জানায়নি, কবে এবং কোন ম্যাচে ১৫ বছর বয়সি বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ দেওয়া হবে।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান স্যামসনের ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট টেকনিক্যাল দুর্বলতার দিকে আঙুল তুলেছেন। একই সঙ্গে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়ার দাবিও জোরদার হচ্ছে।
স্যামসনকে বিশ্লেষণ করতে গিয়ে ইরফান পাঠান বলেন, “সঞ্জু স্যামসনের একটা টেকনিক্যাল সমস্যা রয়েছে। শর্ট বলের বিরুদ্ধে ওর সমস্যাটা নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ দলগুলো এখন এই দুর্বলতাকে খুব ভালোভাবে চিহ্নিত করে ফেলেছে এবং সেই পরিকল্পনাই কাজে লাগাচ্ছে।”
পাঠানের মতে, প্রতিপক্ষ বোলাররা এখন স্যামসনের বিরুদ্ধে একই পরিকল্পনা বারবার প্রয়োগ করছে। তিনি বলেন, “প্রতিটি দল এখন জানে, ওকে কোথায় বল করতে হবে। শর্ট বল এবং শরীর লক্ষ্য করে বোলিং করলে সঞ্জুকে সমস্যায় ফেলা যায়। যতদিন না ও এই সমস্যা কাটিয়ে উঠছে, ততদিন প্রতিপক্ষ একই কৌশল ব্যবহার করবে।”
অন্যদিকে, মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে নিয়ে বাড়তে থাকা আলোচনার প্রসঙ্গেও মুখ খোলেন ভারতের প্রাক্তন এই অলরাউন্ডার। তিনি বলেন, “বৈভব একজন অসাধারণ প্রতিভা। তবে শুধু আলোচনার ভিত্তিতে কাউকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে আসা উচিত নয়। যখন নির্বাচকরা মনে করবেন যে ও পুরোপুরি প্রস্তুত, তখনই সুযোগ পাওয়া উচিত।”
তবে পাঠান এটাও স্পষ্ট করে দেন যে, ভারতীয় দলে জায়গা ধরে রাখতে হলে সঞ্জু স্যামসনকে দ্রুত নিজের ব্যাটিংয়ে পরিবর্তন আনতেই হবে। তাঁর কথায়, “আন্তর্জাতিক ক্রিকেটে শুধু প্রতিভা যথেষ্ট নয়। নিজের টেকনিক নিয়ে কাজ করতে হবে।”
চলতি সিরিজে স্যামসনের ধারাবাহিক ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট মহলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক মাধ্যমেও অনেকেই বৈভব সূর্যবংশীকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুলছেন। তবে নির্বাচকরা এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্তের ইঙ্গিত দেননি।
শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের বোলিং কোচ মরনি মর্কেল ইঙ্গিত দিয়েছেন, “দলে খুব বেশি অদলবদল করতে চাই না আমরা”। দলের ব্যাটিং নিয়ে গর্বিত তিনি। বলেন, “টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা আমাদের দলে রয়েছে। সঞ্জু (স্যামসন) বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিল, ওর আইপিএলও দারুণ কেটেছে। কোচিং স্টাফ হিসেবে আমাদের দায়িত্ব হল খেলোয়াড়দের ওপর আস্থা রাখা এবং তাদের সমর্থন করে যাওয়া।” অর্থাৎ সঞ্জুকেই ফের সুযোগ দিতে চায় টিম ম্যাানেজমেন্ট।
ভারতের এই সফরে প্রতিটি সাংবাদিক বৈঠকেই একই প্রশ্ন উঠছে, ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে কবে সুযোগ দেওয়া হবে। এই একই প্রশ্ন শুনে অনেকে বিরক্তও হচ্ছে। শুক্রবারের সাংবাদিক বৈঠকেও এই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। তার জবাবে মর্কেল এই মন্তব্যই করেন, যা থেকে এটাই ধরে নেওয়া যেতে পারে শনিবার ম্যানচেস্টারেও সম্ভবত বৈভবকে ব্যাট হাতে নামতে দেখা যাবে না।
প্রথম টি-২০ ম্যাচে ভারতের কোচ গৌতম গম্ভীর তিনজন স্পিনারকে দলে রেখেও তাঁদের কাউকেই বল করার সুযোগ দেননি। তবুও শনিবার ভারতের একই কম্বিনেশন বজায় রাখার সম্ভাবনাই বেশি।
ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে বরাবরই স্পিনার ও পেসাররা সাহায্য পেয়ে থাকেন। উইকেটের অতিরিক্ত বাউন্স দুই ধরনের বোলারদেরই সুবিধা দেয়। তবে একই সঙ্গে এই মাঠে বড় রান তোলাও সম্ভব। গত বছর ইংল্যান্ড এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে ৩০৪ রান তুলেছিল। তাই বৈভবকে এই ম্যাচে দলে নিলে তিনি হয়তো ভারতের হয়ে জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেও একটা ঝোড়ো ইনিংস দিতে পারতেন। তবে এবার সম্পূর্ণ নতুন এক উইকেটে খেলা হবে বলে জানা গিয়েছে। উইকেটে এখনও সামান্য ঘাস রাখা হয়েছে, যা শুরুতে পেস বোলারদের কিছুটা সাহায্য করতে পারে।
ইংল্যান্ড আগের ম্যাচের মতো এ বারও আগেভাগেই তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। জোফ্রা আর্চার এবং জশ টাং দলে ফিরেছেন। এই ম্যাচে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে জশ টাং-এর। তাঁদের জন্য দল থেকে বাদ পড়ছেন সাকিব মাহমুদ ও লুক উড।
তাদের অলরাউন্ডার স্যাম কারান বলেন, “বিশ্বের এক নম্বর দল এবং টানা দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিততে পারলে তা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে।ওরা নিঃসন্দেহে দুর্দান্ত দল। যদি আমরা এই সিরিজ জিততে পারি, তাহলে সেটা শুধু এই দলের জন্য নয়, সামগ্রিকভাবে ইংল্যান্ডের ক্রিকেটের জন্যই দারুণ ব্যাপার হবে।”
সঞ্জু স্যামসনের সমস্যা নিয়ে সরব প্রাক্তন তারকা, শনিবার দ্বিতীয় টি-২০-তে বৈভবকে দলে নেওয়ার দাবি আরো জোরালো
Photo-X