প্রতিভার অভাব ছিল না। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটে আগমনের জানান দিয়েছিলেন পৃথ্বী শ। অনেকেই তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখতে শুরু করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় দল থেকে ক্রমশ দূরে সরে গিয়েছেন মুম্বইয়ের এই ব্যাটার। কেন এমন পতন?
তার ব্যাখ্যা দিতে গিয়ে পৃথ্বীর ব্যক্তিগত জীবনকে কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। পার্টি, মদ্যপান, ধূমপান এবং ভুল সঙ্গের কারণেই পৃথ্বীর ক্রিকেটজীবন নষ্ট হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। সেই মন্তব্যের কড়া জবাব দিলেন পৃথ্বী। সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
‘স্পোর্টস লঞ্চপ্যাড’ পডকাস্টে কথা বলতে গিয়ে পৃথ্বীর ক্রিকেটজীবনের অধঃপতনের জন্য তাঁর জীবনযাপনকে দায়ী করেন যোগরাজ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পৃথ্বীর এই পতন কেন হল জানেন? এর আগে বিনোদ কাম্বলির সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। পার্টি, নারীদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা, ধূমপান এবং মদ্যপানই এর কারণ। এক বার কাম্বলিকে বলেছিলাম, এত প্রতিভা থাকা সত্ত্বেও তুমি কী করছ? রাত আড়াইটে পর্যন্ত বাইরে থেকে ঘরে ফিরছ!’
কাম্বলির সঙ্গে সেই কথোপকথনের প্রসঙ্গও তুলে ধরেন যোগরাজ। তাঁর দাবি, কাম্বলি নাকি উত্তরে বলেছিলেন, তাঁদের সময় শেষ হয়ে গিয়েছে, এখনকার ক্রিকেট অন্য রকম। যোগরাজের কথায়, ‘পরের দিন সকালে কোর্টনি ওয়ালশের বলে কাম্বলি বোল্ড হয়ে যায়। ভারতও ম্যাচ হেরে যায়। তার পর যে মহিলার সঙ্গে সে ছিল, তিনিও চলে যান। ধূমপান বা মদ্যপানের জন্যও আর কেউ তাঁর সঙ্গী ছিল না। পৃথ্বীর সঙ্গেও একই ঘটনা ঘটছে। পার্টি করা, মদ্যপান, নারীদের পিছনে ঘোরা এবং খারাপ সঙ্গের ফল এক দিন ভুগতেই হবে।’
যোগরাজের এই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে সরব হন পৃথ্বী। ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়ে তিনি লেখেন, ‘আমার অতীত আমার জীবনেরই একটা অংশ। তা নিয়ে লুকোনোর কিছু নেই, লজ্জিত হওয়ারও কোনও কারণ নেই। কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে আমার নাম, ব্যক্তিগত জীবন বা অতীতকে ব্যবহার করে নেতিবাচকতা ছড়াবেন, অকারণে বিতর্ক তৈরি করবেন, আমার ভাবমূর্তির ক্ষতি করবেন কিংবা নিজের প্রচারের জন্য আমাকে ব্যবহার করবেন, তা আমি মেনে নেব না।’
সেখানেই থেমে থাকেননি পৃথ্বী। সমালোচনা এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে অপদস্থ করার মধ্যে পার্থক্য রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেন, ‘নিজের মতামত প্রকাশ করা এবং মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর বা বিদ্বেষপূর্ণ মন্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে কাউকে নিশানা করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এটাকে আমার শেষ এবং স্পষ্ট সতর্কবার্তা হিসেবে ধরে নেওয়া হোক। এ ধরনের কাজে যুক্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হতে পারে।’
নিজের সম্মান, ব্যক্তিগত গোপনীয়তা এবং ভাবমূর্তি রক্ষার জন্য আইনের দ্বারস্থ হতেও যে পিছপা হবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন পৃথ্বী। তিনি লিখেছেন, ‘নিজের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মান রক্ষার জন্য সমস্ত রকম আইনি পদক্ষেপ করার অধিকার আমি রাখছি। আমার নীরবতাকে কখনও দুর্বলতা বলে মনে করবেন না। আমি সম্মানের সঙ্গে এগিয়ে যেতে চাই। কিন্তু নিজের অধিকারের জন্য দাঁড়াতে বা নিজের বক্তব্য জানাতে পিছপা হব না।’
উল্লেখ্য, ২০২১-এর পর আর ভারতীয় দলের হয়ে খেলেননি পৃথ্বী। জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট, ছ’টি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কেরিয়ারের শুরুতে যে ব্যাটারকে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ভবিষ্যৎ বলে মনে করা হয়েছিল, তাঁকে এখন ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই করতে হচ্ছে। তার মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে যোগরাজের মন্তব্য নতুন বিতর্ক তৈরি করল।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=9bWDY_6LmGXhTH_e” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>