সিএবি-তে প্রস্তুতি শুরু

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের একটি ম্যাচ কলকাতার ইডেন উদ্যানে হওয়ার সম্ভাবনা কিছুদিন আগে থেকেই উঁকি দিয়েছিল। তার জন্য সিএবি-তে প্রস্তুতিও শুরু হয়। তবে এই ম্যাচ আসা নিয়ে অনেক অঙ্ক কষা হয়েছিল। শেষ পর্যন্ত এই ভাবনায় সিলমোহর পড়ল। আগামী ১ মার্চ ইডেন উদ্যানে ভারতের সঙ্গে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এই মুহূর্তে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের টুর্নমেন্টে ফেভারিট দল বলে চিহ্নিত করা হয়েছে। দশ বছর আগে ইডেন উদ্যানে এই স্বপ্নের রাত উপহার দেওয়া হয়েছিল ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ক্রীড়াসূচি প্রকাশ হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সুপার এইটের ভারতের খেলা ইডেন উদ্যানে অনুষ্ঠিত হতে পারে। তাই আইসিসি সোমবার জানিয়ে দিল, ইডেন উদ্যানে সুপার এইটের খেলাটিতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সুপার এইটের খেলায় যোগ্যতা পাকা করে নিয়েছে।

যার ফলে ইডেন উদ্যানে বাংলার ক্রিকেটপ্রেমীরা এই দুই দলের খেলা উপভোগ করতে পারবেন। পাকিস্তানকে হারানোর পরে স্বাভাবিকভাবে ভারতীয় দলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শকরা। আবার ডাকসাইটে ওয়েস্ট ইন্ডিজ দল ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছে। তাই এই দুই দলের লড়াইটা ইডেন উদ্যানে দারুণ পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। অবশ্যই টিকিটের চাহিদা থাকবে, তা নতুন করে বলার কোনও কারণ নেই। এদিন থেকেই সিএবি-র ক্লাব হাউসের কর্মকর্তাদের তৎপরতা দেখা গিয়েছে।