রোনাল্ডোর সম্মানে আজ রাতে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের ফুটবলার! সপ্তম মিনিটে থেমে যাবে খেলা!

Portugal To Honour Cristiano Ronaldo Photo-SNS

একটা জার্সি, একটা সংখ্যা, একটা যুগের সমাপ্তি হতে চলেছে আজ।

পর্তুগালের ফুটবলে ৭ নম্বর মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই জার্সিকেই এ বার বিশেষ সম্মান জানাতে চলেছে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর অবসরের পর প্রথম ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

আজ শনিবার রাতে (ভারতীয় সময় রাত সোয়া একটায়) ব্রাগায় উয়েফা নেশনস লিগের ম্যাচে মাঠে নামার সময় পর্তুগালের প্রত্যেক ফুটবলার পরবেন ৭ নম্বর জার্সি। শুধু তাই নয়, ম্যাচের সপ্তম মিনিটে খেলা থামিয়ে রোনাল্ডোকে সম্মান জানাবেন সমর্থকেরা।


৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন ৪১ বছর বয়সি রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের কেরিয়ারের ইতি টানেন তিনি। দেশের হয়ে ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার নজির দু’টিই তাঁর দখলে।

রোনাল্ডোর বিদায়ের পর তাঁকে সম্মান জানানোর পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সা, কোচ জর্জ জেসুস এবং দলের নেতৃত্বের দায়িত্বে থাকা বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও ব্রুনো ফের্নান্দেস। সেখানেই ঠিক হয়, ডেনমার্কের বিরুদ্ধে বিশেষ সম্মান জানানো হবে প্রাক্তন অধিনায়ককে।

পর্তুগালের প্রত্যেক ফুটবলার ৭ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করবেন। ম্যাচের সপ্তম মিনিটে খেলা সাময়িক ভাবে বন্ধ রাখা হবে। তখন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানাবেন রোনাল্ডোকে। এই উদ্যোগে উয়েফারও অনুমতি মিলেছে বলে খবর।

তবে এই বিশেষ অনুষ্ঠানে রোনাল্ডো নিজে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

রোনাল্ডোর বিদায় নিয়ে কী বললেন জেসুস?

রোনাল্ডোর সম্মানে এই আয়োজন নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের কোচ জর্জ জেসুস। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর বা কোচিং স্টাফের নয়, ফেডারেশনের।

জেসুস বলেন, ‘এই ধরনের সিদ্ধান্ত সব সময় পর্তুগাল ফুটবল ফেডারেশনের দায়িত্ব। বিশেষ করে ফেডারেশনের ফুটবল ও ক্রীড়া বিভাগ এবং সভাপতির দায়িত্বের মধ্যেই পড়ে বিষয়টি’।

রোনাল্ডোর অবদানের কথা বলতে গিয়ে পর্তুগাল কোচের সংযোজন, ‘এটা অসাধারণ উদ্যোগ। জাতীয় দলের হয়ে ক্রিস যে ২৩ বছর কাটিয়েছে, পর্তুগালের জন্য যা করেছে এবং বিশ্ব ফুটবলে যে প্রভাব ফেলেছে, তা কেউ ভুলতে পারে না’।

রোনাল্ডোহীন নতুন অধ্যায়

রোনাল্ডোর অবসরের পরে পর্তুগালের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বার্নার্দো সিলভা। ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচটি তাই শুধু একটি নেশনস লিগের লড়াই নয়, রোনাল্ডো-পরবর্তী পর্তুগালের নতুন অধ্যায়েরও সূচনা।

গ্রুপের প্রথম চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে পর্তুগাল। এ বার ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামার আগে আবেগের কেন্দ্রবিন্দুতে থাকবেন রোনাল্ডোই। ২৩ বছরের সম্পর্কের শেষটা হয়তো মাঠে আর বল পায়ে নয়, কিন্তু পর্তুগালের ফুটবলপ্রেমীদের হৃদয়ে ৭ নম্বর জার্সির জায়গা যে চিরকাল অক্ষত থাকবে, ব্রাগার এই বিশেষ অনুষ্ঠানেই হয়তো পাওয়া যাবে তার প্রমাণ।