একদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে মরিসিয়ো পোচেত্তিনো, অন্য দিকে তাঁর সম্ভাব্য বিদায়ের পর আমেরিকার জাতীয় দলের দায়িত্বে পেপ গুয়ার্দিওলাকে আনার পরিকল্পনা। ফুটবলবিশ্বে শুরু হয়ে গিয়েছে এক নতুন জল্পনা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পোচেত্তিনো যদি আমেরিকার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে যান, তা হলে তাঁর জায়গায় গুয়ার্দিওলাকে প্রথম পছন্দ হিসাবে ভাবছে মার্কিন ফুটবল ফেডারেশন।
ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ার পর আপাতত কোচিংয়ের বাইরে রয়েছেন গুয়ার্দিওলা। ২০২৫-২৬ মরসুম শেষে সিটির সঙ্গে দীর্ঘ দশ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি। সেই সময়ে ছ’বার প্রিমিয়ার লিগ, তিন বার এফএ কাপ, পাঁচ বার লিগ কাপ এবং এক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও তাঁর সাফল্যের ঝুলি সমৃদ্ধ। ক্লাব ফুটবলে এত সাফল্যের পর এ বার কি জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি?
নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, আমেরিকার ফুটবল ফেডারেশনের বিভিন্ন স্তরে গুয়ার্দিওলার নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে তাঁকে পাওয়া সহজ হবে না। সাম্প্রতিক সময়ে কোচিংয়ে ফেরার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখাননি তিনি। চলতি বছর ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন স্পেনীয় কোচ।
ইতালির ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো গুয়ার্দিওলার সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘পেপ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার একটা কারণ পরিবারও। তবে যদি তিনি কোনও দায়িত্ব নিতেন, তা হলে আমাদের দলেরই নিতেন’। অর্থাৎ, আপাতত বিশ্রামই পছন্দ গুয়ার্দিওলার। তাঁকে আবার কোচিংয়ে ফেরানোই আমেরিকার ফেডারেশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে।
আমেরিকার সঙ্গে গুয়ার্দিওলার যোগাযোগ অবশ্য নতুন নয়। ২০২৪ সালে গ্রেগ বারহাল্টারের উত্তরসূরি খোঁজার সময় গুয়ার্দিওলা ও ইয়ুর্গেন ক্লপ— দু’জনের সঙ্গেই যোগাযোগ করেছিল মার্কিন ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় পোচেত্তিনোকে।
সেই সময় আমেরিকায় দীর্ঘমেয়াদি ফুটবল প্রকল্পের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন গুয়ার্দিওলা। তাঁর কথায়, ‘আমেরিকা এমন একটি আকর্ষণীয় দেশ, যেখানে বহু বছরের জন্য একটি প্রকল্প গড়ে তোলার এবং জাতীয় দলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার চেষ্টা করা যায়। জনসংখ্যা, খেলাধুলার বৈচিত্র— সব দিক থেকেই আমেরিকার সম্ভাবনা রয়েছে’।
২০১২-য় বার্সেলোনা ছাড়ার পর এক বছরের বিরতিতে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে ছিলেন পেপ। ফলে আমেরিকার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগও রয়েছে। পোচেত্তিনো এখনও আমেরিকার জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। ২০৩০-এর বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। নভেম্বরের শেষ দিকে হাইতির বিরুদ্ধে কনকাকাফ নেশনস্ লিগের কোয়ার্টার ফাইনালেও দল নিয়ে মাঠে নামার কথা তাঁর। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রস্তাব গ্রহণ করলে আমেরিকাকে নতুন কোচ খুঁজতে হবে। সেই পরিস্থিতিতে পেপ গুয়ার্দিওলাই হতে পারেন তাদের সবচেয়ে বড় লক্ষ্য।