পুরুষদের দলের বিরুদ্ধে খেলে এশিয়া কাপের অভিনব প্রস্তুতি সারলেন ফতিমা সানা-রা

PIC- X

এশিয়া কাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য যে এমন অভিনব পন্থা অবলম্বন করবে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল, তা ভাবাই যায়নি। ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। তার আগে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুরুষ দলের বিরুদ্ধে ২০ ওভারের ম্যাচ খেললেন ফতিমা সানারা। কোনও ‘সিনারিয়ো গেম’ বা সিচুয়েশন প্র্যাকটিস নয়, রীতিমতো প্রতিযোগিতামূলক ম্যাচই খেলানো হয়েছে তাঁদের।

কিন্তু কী জন্য এমন সিদ্ধান্ত? আসল লক্ষ্য, আরও কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো। এই প্রস্তুতি শিবিরে পাকিস্তান মহিলা দল খেলেছে পুরুষ ক্রিকেটারদের বিরুদ্ধে। সেই দলে ছিলেন কিশোর ক্রিকেটার থেকে শুরু করে অভিজ্ঞ পুরুষ খেলোয়াড়েরাও। তুলনায় বেশি গতি, শক্তি এবং আক্রমণাত্মক ক্রিকেটের মুখোমুখি হয়ে নিজেদের প্রস্তুত করেছেন পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা।

পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা মনে করছেন, এই ম্যাচগুলি এশিয়া কাপের আগে তাঁদের অনেকটাই তৈরি করে দিয়েছে। তিনি বলেন, ‘টুর্নামেন্টের জন্য আমরা ভাল ভাবেই প্রস্তুত। ছেলেদের বিরুদ্ধে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি, যেখানে আমাদের উপর চাপ তৈরি করা হয়েছিল। সেই অভিজ্ঞতা প্রতিযোগিতায় আসা চ্যালেঞ্জগুলির সঙ্গে মানিয়ে নিতে আমাদের সাহায্য করবে’।


চাপ সামলানোর উপর বিশেষ জোর দিচ্ছেন ফতিমা। তাঁর মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারাটাই সাফল্যের অন্যতম চাবিকাঠি। পুরুষ দলের বিরুদ্ধে ম্যাচগুলিতে সেই পরিস্থিতিই তৈরি করার চেষ্টা হয়েছে। কঠিন পরিস্থিতিতে কী ভাবে সিদ্ধান্ত নিতে হবে, কখন ঝুঁকি নিতে হবে এবং কখন ধৈর্য ধরতে হবে—এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে প্রস্তুতিতে।

এশিয়া কাপে পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে। একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, হংকং-চিন এবং থাইল্যান্ড। ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। তার পর ৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ৭ সেপ্টেম্বর হংকং-চিনের মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপের ইতিহাসে অবশ্য পাকিস্তানের সাফল্যের খাতা খুব একটা সমৃদ্ধ নয়। এখনও পর্যন্ত তারা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১২ এবং ২০১৬ সালে দু’বার ফাইনালে উঠলেও দুই বারই ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। গত এক দশকে আর ফাইনালে পৌঁছতে পারেনি তারা।

এ বার তাই লক্ষ্য একটাই—দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানো। আর সেই লক্ষ্যেই এশিয়া কাপের আগে পুরুষ ক্রিকেটারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় নিজেদের যাচাই করে নিল ফতিমার দল। ভারতের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বরের মহারণে সেই অভিনব প্রস্তুতি কতটা কাজে আসে, এখন সেটাই দেখার।