ভারতে খেলতে আসা অসম্ভব! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি থেকে নাম প্রত্যাহার পাকিস্তানের!

Asian Championship Photo-SNS

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপের আঁচ এ বার হকির মাঠেও। ভারতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরকারি ভাবে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পাঞ্জাবে হবে এই প্রতিযোগিতা। পাকিস্তানের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ফলে এই প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার সম্ভাবনা শেষ হয়ে গেল।

প্রথম থেকেই ভারতে খেলতে আসা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। গত মাসে এশিয়ান হকি ফেডারেশনের কাছে চিঠি দিয়ে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিল তারা। বিকল্প হিসাবে পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ মাঠে আয়োজন করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।


পাকিস্তান হকি ফেডারেশনের অন্তর্বর্তী সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি সেই সময় জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে বর্তমান ‘সংবেদনশীল দ্বিপাক্ষিক পরিস্থিতি’ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই দাবি জানানো হয়েছে।

ওয়ানি বলেছিলেন, ‘জাতীয় দলের খেলোয়াড় এবং কর্তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

একই সঙ্গে আন্তর্জাতিক হকিতে অংশগ্রহণের দায়বদ্ধতার কথাও জানিয়েছিলেন তিনি। ওয়ানির বক্তব্য ছিল, ‘পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব জুড়ে হকির প্রসারে সম্পূর্ণ দায়বদ্ধ। ভারত-সহ আন্তর্জাতিক হকি সংস্থার সদস্য সব দেশের বিরুদ্ধেই খেলতে আমরা প্রস্তুত। খেলাকে রাজনীতি থেকে দূরে রাখার নীতিতে আমরা বিশ্বাসী’।

তবে সেই প্রস্তাবের পরেও শেষ পর্যন্ত ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান। শুক্রবার পাওয়া খবর অনুযায়ী, তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে জলন্ধর এবং মোহালিতে। ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত লিগ পর্বের খেলাগুলি হবে জলন্ধরে। তার পরে ৪ নভেম্বর সেমিফাইনাল এবং ৫ নভেম্বর পদক নির্ধারক ম্যাচগুলি হবে মোহালিতে।

পাকিস্তান সরে যাওয়ায় এখন প্রতিযোগিতায় থাকছে ভারত, বাংলাদেশ, চিন, জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। ভারত গত দু’বার, ২০২৩ ও ২০২৪ সালে, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। এ বারও খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবেন ভারতীয় হকি দলের খেলোয়াড়েরা।

ভারতে আয়োজিত আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর তামিলনাড়ুতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করেছিল তারা। সেই সময় দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল পাকিস্তান।

এ বারও নিরপেক্ষ মাঠের দাবি শেষ পর্যন্ত মানা হয়নি বলেই কি পাকিস্তান সরে দাঁড়াল? সরকারি ভাবে প্রত্যাহারের কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি। তবে প্রতিযোগিতার সূচি এবং দলগুলির তালিকা নতুন করে সাজিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তান না থাকায় প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা থাকছে না। অন্য দিকে, বাংলাদেশের সামনে এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ তৈরি হল।