রক্ষাকবচ আনতেই ভুল! ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান হকি দলের চূড়ান্ত বিড়ম্বনা

Photo: X

বিশ্বকাপে খেলতে এসে এমন কাণ্ড! প্রতিপক্ষ ইংল্যান্ড। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। অথচ মাঠে নামার আগে পাকিস্তান হকি দলের নজরে এল, প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সঙ্গে আনতেই ভুলে গিয়েছেন দলের সদস্যেরা। সেই ভুলের জেরে ম্যাচ শুরুর আগে তৈরি হল চূড়ান্ত বিভ্রান্তি ও অস্বস্তি।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যাচ খেলতে নেমে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রীই সঙ্গে আনেনি পাকিস্তান হকি দল! ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে সেই ভুল ধরা পড়তেই চরম অস্বস্তিতে পড়ে পাকিস্তান শিবির। সেই অস্বস্তি নিয়েই খেলতে নেমে ম্যাচটা শেষ পর্যন্ত তারা ১-৪-এ হেরে যায়।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রায় ১৭ মিনিটের মাথায়। তত ক্ষণে ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে গিয়েছিল এবং তারা একটি পেনাল্টি কর্নার পায়। সেই পেনাল্টি কর্নার রুখতে পাকিস্তানের প্রয়োজন ছিল সুরক্ষাসামগ্রীর, কিন্তু সেটি তখন মাঠে পাওয়া যায়নি।


পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এক খেলোয়াড়কে সাজঘরে দৌড়ে গিয়ে দ্রুত সেই সরঞ্জাম আনতে হয়। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট হয়, সেখানে দেখা যায়, সবুজ জার্সি পরা এক পাকিস্তানি খেলোয়াড় একটি বড় কালো ব্যাগ নিয়ে মাঠে ঢুকছেন। সেই ব্যাগ আসার পরেই পেনাল্টি কর্নার নেওয়া সম্ভব হয়।

এই বিলম্বের জেরে পাকিস্তান অধিনায়ক আবু বকর মাহমুদকে সবুজ কার্ড দেখান ম্যাচের রেফারি। ফলে তাঁকে দু’মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হকি বিশ্বকাপের প্রথম ম্যাচটি পাকিস্তান হকি দলের কাছে ভুলে যাওয়ার মতোই হয়ে রইল। মাঠের খেলাতেও যেমন পাকিস্তান হতাশ করেছে, তেমনই ১-৪ গোলে ম্যাচ হারের পাশাপাশি এমন কিছু ভুলও করেছে, যা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলের কাছ থেকে প্রত্যাশিত নয়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালমান আকবর সমাজমাধ্যমে দলকে তীব্র আক্রমণ করেন।

সালমান লিখেছেন, ‘বাহ! পাকিস্তান হকির আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান নাকি পেনাল্টি কর্নারের প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ড্রেসিংরুমেই ভুলে রেখে এসেছিল। তার ফলেই অধিনায়ককে সবুজ কার্ড দেখতে হল। আন্তর্জাতিক হকির সবচেয়ে বড় মঞ্চে পেনাল্টি কর্নারের মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ভুলে যাওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’

এর পরেই প্রস্তুতি এবং দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, ‘প্রস্তুতি শুধু কৌশল, ফিটনেস এবং দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে শৃঙ্খলা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনাও জড়িত। বিশ্বকাপ সর্বোচ্চ স্তরের পেশাদারিত্ব দাবি করে। দুর্ভাগ্যজনক ভাবে, এমন ঘটনা আমাদের বড় মঞ্চের জন্য প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়।’

পাকিস্তান হকির সাম্প্রতিক ইতিহাসে এমন প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ভুল অবশ্য নতুন নয়। এর আগে ২০২৬ সালের জুলাইয়ে মাস্কাটে হকি ফাইভসের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাঁচ জনের বদলে ছয় জন খেলোয়াড় নামিয়ে দিয়েছিল পাকিস্তান। আম্পায়ারদের নজরে পড়তেই শাস্তি পেতে হয় তাদের। ভারত ম্যাচটি ৭-৩ গোলে জিতে নেয়। প্রাথমিক ভাবে যোগাযোগের সমস্যাকেই ওই ভুলের কারণ হিসেবে জানানো হয়েছিল।

পাকিস্তানের এমন ভুলের নজির আরও রয়েছে। ২০২২ সালের এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে জাপানের বিরুদ্ধে ১১ জনের বদলে ১২ জন খেলোয়াড় মাঠে থাকায় পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ গোল বাতিল হয়েছিল। সেই ঘটনার ফলেই তারা ২০২৩ সালের হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি।

এ বার বিশ্বকাপের মঞ্চে প্রয়োজনীয় রক্ষাকবচ ভুলে আসার ঘটনায় ফের প্রশ্নের মুখে পাকিস্তান দলের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এমন ভুল যে দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিল, তা বলাই যায়।