বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহির ঝড়, টরন্টোয় ‘সির সির’-এ মাতল দর্শক

আগের রাতে মেক্সিকোয় মঞ্চ মাতিয়েছিলেন শাকিরা। শুক্রবার রাতে টরন্টোর বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ কাঁপিয়ে দিলেন নোরা ফতেহি। বিশ্বকাপে তাঁর অন্যতম অফিসিয়াল গান ‘সিরি সিরি’ গেয়ে ও তার সঙ্গে নেচে হৃদয় জিতে নিলেন সারা দুনিয়ার ফুটবলপ্রেমীদের।

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে ভারতের বিনোদন জগতের প্রতিনিধিত্ব করে নতুন ইতিহাস গড়লেন এই বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। তাঁর প্রাণবন্ত পারফরম্যান্স মুগ্ধ করে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের। সাদা-লাল পোশাকে তিনিই হয়ে ওঠেন অনুষ্ঠানের সেরা আকর্ষণ।

বিশ্বকাপের আয়োজক তিন দেশের মধ্যে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ শুরুর আগে। সেই অনুষ্ঠানে নোরার সঙ্গে ছিলেন ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং বাংলাদেশী ডিজে সঞ্জয়। তাঁরা একসঙ্গে পরিবেশন করেন বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল অ্যান্থেম ‘সিরি সিরি’।


নোরার কাছে এই অনুষ্ঠানের মঞ্চ নিছক একটি আন্তর্জাতিক মঞ্চ ছিল না। টরন্টোতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ফলে নিজের জন্মভূমিতে বিশ্বকাপের মতো বিশ্বের অন্যতম বিশাল খেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগকে তিনি বিশেষ আবেগের মুহূর্ত হিসেবে দেখেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের গানেও তিনি যুক্ত ছিলেন।

বিশ্বকাপ ২০২৬-এর বিশেষত্ব হল, ইতিহাসে প্রথমবার তিনটি দেশ— মিলিতভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। সেই কারণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের বদলে তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন শাকিারা ও বার্না বয়, আর যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন কেটি পেরি।

কানাডার অনুষ্ঠানে নোরার পাশাপাশি উপস্থিত ছিলেন মাইকেল বাবলে, অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেট, জেসি রেয়াজ-রাও। তবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল নোরার পারফরম্যান্সই।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’-এর সঙ্গে নোরার সম্পর্কও বিশেষ তাৎপর্যপূর্ণ। গানটির মাধ্যমে মরক্কো, আরব, ভারতীয় এবং কানাডার সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়েছে। নোরা নিজেও একাধিক সাক্ষাৎকারে এই গান ও তার কোরিওগ্রাফিকে তাঁর কেরিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।

মরক্কোর ফুটবল মাঠে এই ‘সিরি সিরি’ স্লোগান প্রায় শুনতে পাওয়া যায়, যার অর্থ- চলো, চলো।
ফুটবলের বিশ্বমঞ্চে নোরা ফাতেহির এই পারফরম্যান্স শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বিশ্ব মানচিত্রে ভারতীয় বিনোদন জগতকেও উজ্জ্বল করে তুললেন তিনি।