খেলাধুলোয় কোনও রাজনীতিকরণ নয়, সংস্থায় পরিবারতন্ত্র দূর করতে হবে: নিশীথ প্রামাণিক

বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন। প্রথম মন্ত্রীসভায় ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হল নিশীথ প্রামাণিককে। উত্তরবঙ্গ থেকে আসা বিধায়ক নিশীথ প্রামাণিক অতীতে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। আর এবারে বাংলার ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি খেলাধুলোর উন্নয়নে বিশেষ নজর দেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, যুবসমাজ থেকে খেলাধুলো হারিয়ে গিয়েছে। যুব সম্প্রদায়কে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। তাঁদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য প্রথম প্রয়াস থাকবে। এটা মনে রাখতে হবে, বাংলায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাঁদের মাঠমুখো করতে হবে। জেলাস্তরে বিভিন্ন যে মাঠগুলি রয়েছে, সেই মাঠগুলিকে উন্নত পরিকাঠামো দেওয়ার কথা ভাবা হচ্ছে।

ক্রীড়ামন্ত্রী নীশীথ প্রামাণিক বলেন, ক্রীড়াসংস্থা থেকে রাজনীতিকরণ সরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বিভিন্ন সংস্থায় যে পরিবারতন্ত্র চলছে, তা বন্ধ করা হবে। খেলাধুলোর উন্নয়নে কীভাবে আমরা এগিয়ে যাব, তার জন্য একটা রূপরেখা তৈরি করতে হবে। আর এই রূপরেখা তৈরি করা হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে। একটা সময় বাংলার খেলাধুলো সবার কাছে অন্য কথা বলত। সেই খেলাধুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। সামনে আইএসএল ফুটবলের ডার্বি ম্যাচ রয়েছে। সেই বিষয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, সোমবারই তো দায়িত্ব পেলাম। সমস্তরকম কাগজপত্র দেখার পরে শুধু ডার্বি ম্যাচই নয়, অন্যান্য খেলাধুলোর অবস্থান কী আছে, তা প্রত্যক্ষ করতে হবে। শুধু দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ বলে নয়, সারা বাংলায় খেলাধুলোর মানচিত্র বদলে দিতে হবে। বাংলার খেলাধুলো নিয়ে যে ঐতিহ্য ছিল, সেই দিনটাকে আবার ফিরিয়ে আনতে হবে।