সাফ চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখার অভিযান শুরু করার আগেই চরম অস্বস্তিতে ভারতীয় ফুটবল দল। পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। তার ৪৮ ঘণ্টারও কম সময় আগে বাংলাদেশে পৌঁছে থাকার জন্য হোটেলের হদিশই পেলেন না ভারতীয় ফুটবলাররা! মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছনোর পরে গুলশান অ্যাভিনিউয়ের একটি বেসরকারি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের জন্য কোনও ঘরই বরাদ্দ করা হয়নি। বিকেল পাঁচটা পর্যন্ত থাকার ব্যবস্থা না হওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে আয়োজকদের কাণ্ডকারখানা নিয়ে।
মঙ্গলবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছয় ভারতীয় দল। সেখান থেকে তাঁদের নির্দিষ্ট হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছে সমস্যার কথা জানতে পারেন ফুটবলেরা। দলের থাকার জন্য ঘর বুক করা হয়নি। ফলে প্রতিযোগিতার প্রথম ম্যাচের ঠিক আগে বিপাকে পড়ে ভারতীয় শিবির।
এই সমস্যা নিয়ে দলের এক সূত্র জানিয়েছে, ‘অন্য কিছু ব্যবস্থা করার চেষ্টা চলছে। আশা করছি, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে’। শেষ পর্যন্ত রাতের দিকে ভারতের ফুটবলারদের থাকার ব্যব্স্থা হয়। তবে পুরো ঘটনাটায় প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করে বসে থাকতে হয় তাদের। কেউ বলতে পারেননি ঠিক কী ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য।
এ বার সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ-সহ একাধিক আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের। সেই কারণে প্রথম পছন্দের ফুটবলারদের নিউজিল্যান্ড সফরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নৌশাদ মুসা।
তবে দল গঠনেও সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। প্রতিযোগিতার প্রথম ম্যাচ ফিফার আন্তর্জাতিক উইন্ডোর বাইরে হওয়ায় বেশ কয়েকটি ক্লাব তাদের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি। ২৮ জনের প্রাথমিক দলের মধ্যে ২ নভেম্বর কলকাতায় অনুশীলন করেছিলেন মাত্র ১৫ জন। ঢাকা রওনা হওয়ার আগে আরও তিন জন দলের সঙ্গে যোগ দেন। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি মুসা।
গত সাফ চ্যাম্পিয়নশিপে বেঙ্গালুরুতে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। রেকর্ড ন’বারের চ্যাম্পিয়নদের এ বারও শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। গ্রুপ বি-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ভারতীয় সময় দুপুর ৩টেয় শুরু হওয়ার কথা সেই ম্যাচ।
অন্য গ্রুপে রয়েছে আয়োজক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। দু’টি গ্রুপের প্রথম দু’টি দল সেমিফাইনালে উঠবে। ১৭ নভেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। কিন্তু মাঠে নামার আগেই হোটেল-সমস্যা এবং প্রস্তুতির ঘাটতি ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়াল।