নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখায় শুরু হয়েছে বিতর্ক। এমনকী প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে এই নিয়ে ক্রিকেটীয় আলোচনার পাশাপাশি রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে এর ‘অন্য’ এক দিক নিয়ে। তবে সিরাজের বাদ পড়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ছোটবেলার ক্রিকেট-গুরু সঞ্জয় ভরদ্বাজ। তাঁর দাবি, এর পিছনে কোনও ধর্মীয় কারণ নেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। ভারতের অন্যতম অভিজ্ঞ পেসারকে বসিয়ে রেখে অংশুল কম্বোজকে খেলানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছেন ভারতীয় দল নির্বাচন নিয়ে। এ বার সেই বিতর্কে ধর্মীয় বিভাজনের প্রসঙ্গও উঠে এল। তবে সিরাজের বাদ পড়ার পিছনে তেমন কোনও বিষয় নেই বলে মন্তব্য করেছেন গম্ভীরের শৈশবের কোচ সঞ্জয় ভরদ্বাজ।
তাঁর দাবি, ভারতীয় দলের নির্বাচন সম্পূর্ণ ক্রিকেটীয় যুক্তি এবং দলের প্রয়োজনের ভিত্তিতেই হয়। গম্ভীরের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। এক সংবাদ সংস্থাকে ভরদ্বাজ বলেন, ‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই। ভারতীয় ক্রিকেট দলে কোনও হিন্দু-মুসলিম বিভাজন নেই। প্রত্যেকেই ভারতীয় এবং দেশের প্রতিনিধিত্ব করেন। গৌতম গম্ভীর সব সময় মহম্মদ সিরাজকে সমর্থন করেছে। সিরাজ যদি প্রথম একাদশে না থাকে, তা হলে সেটা সম্পূর্ণ দলের প্রয়োজনের কারণে। দল নির্বাচন নির্ভর করে দলের ভারসাম্য, ক্রিকেটারদের ভূমিকা এবং তাঁদের পারফরম্যান্সের উপর। গম্ভীরের কারও প্রতি ব্যক্তিগত রাগ বা বিদ্বেষ নেই। সঠিক দল গড়ে তোলাই ওর প্রধান লক্ষ্য। বিসিসিআইও কোনও ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না বা তাকে প্রশ্রয় দেয় না। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’।
সিরাজকে প্রথম একাদশে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর বক্তব্য ছিল, ভাল পারফরম্যান্স করার পরেও সিরাজকে যে খেলানো হচ্ছে না, তার পিছনে ‘অন্য’ কারণ থাকতে পারে। সিরাজের নামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওর নাম সিরাজ, সেটাই কি যথেষ্ট কারণ নয়? ভাল পারফরম্যান্স করার পরেও যদি ওকে দলে জায়গা না দেওয়া হয়, তা হলে আর কী কারণ থাকতে পারে? এটাই কারণ হতে পারে’।
মাসুদের এই মন্তব্য ঘিরেই বিতর্ক আরও বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও। দলের মুখপাত্র নলিন কোহলি এই মন্তব্যকে সাম্প্রদায়িক এবং অযৌক্তিক বলে আক্রমণ করেছেন।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। ইংল্যান্ড সফরেও পাঁচ টেস্টে ২৩টি উইকেট নিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে বাইরে রেখে বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অংশুল কম্বোজকে নিয়ে চার পেসারের আক্রমণ সাজায় ভারত।
দল নির্বাচনের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁর বক্তব্য, ‘সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে আমার মনে হয় না। দল পরিচালন সমিতি যে দলকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছে, সেটাই খেলেছে। সিরাজও বিশ্বমানের বোলার। কিন্তু এই ম্যাচের জন্য আমরা যে বোলিং আক্রমণকে সেরা মনে করেছি, সেটাই বেছে নিয়েছি’।
তবে অভিজ্ঞ সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা যখন ৩৬৮ রান দিয়েছেন, তখন এই নির্বাচন নিয়ে আলোচনা আরও বেড়েছে।