বাংলায় ব্রাত্য সৌরাশিস লাহিড়ীকে ইমার্জিং টুর্নামেন্টে দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

বাংলার কোনও দলে তাঁকে কোচ হিসেবে রাখা না হলেও এ রাজ্যের প্রাক্তন স্পিনার ও কোচ সৌরাশিস লাহিড়ী কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচেদের তালিকায় রয়েছেন এবং তাঁকে নিয়মিত দায়িত্বও দেওয়া হচ্ছে তাঁকে। তিনি এবার ভারতীয় বোর্ডের ইমার্জিং টুর্নামেন্টের একটি দলের দায়িত্ব পেলেন সহকারী কোচ হিসেবে। শনিবার বোর্ড তাঁকে জানিয়েছে, ইমার্জিং টুর্নামেন্টের একটি দলের জন্য তাঁকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও সফল কোচ ওয়াসিম জাফরের সহকারী বাছা হয়েছে।

জুলাইয়ের ৬ থেকে ২৪ তারিখ এই টুর্নামেন্ট হবে বেঙ্গালুরুতে। এই টুর্নামেন্টে চারটি দল খেলবে। এই দলগুলির কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাফর, রমেশ পাওয়ার, বিনীত সাক্সেনা ও দেবাশিস মোহান্তিকে। জাফর যে দলের কোচ, সেই দলেরই সহকারী কোচ বাছা হয়েছে সৌরাশিস লাহিড়ীকে।

সৌরাশিস বাংলার হয়ে অফ ব্রেক বোলার হিসাবে খেলে একশোরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২৫৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দু’টি সেঞ্চুরিও করেছেন। তাছাড়াও ৭৬টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়েছেন। ক্রিকেটার হিসাবে অবসরের পর বাংলার অনূর্ধ্ব-১৯ দল তো বটেই, দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে কোচিং করিয়েছেন সৌরাশিস। ২০২২ সালে পূর্বাঞ্চলের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন। ২০২৪ সালে দলীপ ট্রফিতে ভারত ‘বি’ টিমের বোলিং কোচ নির্বাচিত হয়েছিলেন সৌরাশিস।


কিন্তু অদ্ভুতভাবে এবার বাংলার বিভিন্ন দলের কোচেদের যে তালিকা তৈরি হয়েছে, সেখানেও সৌরাশিসকে ভাবা হয়নি! অথচ এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিংয়ের জন্য বাংলা থেকে একমাত্র তিনিই নিয়মিত ডাক পান। কিন্তু তারপরও সৌরাশিসের নিজের রাজ্যেই জায়গা হয়নি। তিনি সিএবি-র এই সিদ্ধান্তের প্রতিবাদও করেছিলেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। তবে সৌরাশিসের সামনে এখন যেহেতু আরও বড় চ্যালেঞ্জ, তাই বাংলার দায়িত্ব না পাওয়া নিয়ে তিনি আর বেশি ভাবতে চান না। জানান, ‘এই দায়িত্বই এখন আমার ফোকাস। তাই কী হয়েছে না হয়েছে, আর ভাবছি না। আমি আমার কাজ করে যেতে চাই এবং নিজের সেরাটা দিয়ে যেতে চাই। বাকিটা যাদের হাতে, তারা বুঝবে’।