ভারত-পাক সংঘাতের পরে আর্শাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীরজ

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্যারিস অলিম্পিক্স গেমসে জ্যাভলিনে সোনা জয়ের লক্ষ্যে পাকিস্তানের আর্শাদ নাদিমের সঙ্গে জোর টক্কর করেছিলেন ভারতের নীরজ চোপড়া। কিন্তু পাকিস্তানের নাদিমের কাছে ফাইনালে হেরে গিয়ে নীরজকে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অবশ্য টোকিও অলিম্পিক্স গেমসে ভারতের নীরজ সোনা জিতেছিলেন পাকিস্তানের নাদিমকে হারিয়ে।

প্রতিযোগিতার বাইরে জ্যাভলিনে এই দুই প্রতিযোগীর মধ্যে সম্পর্ক ছিল মধুর। এমনকি নীরজ নিজের নামে ভারতের মাটিতে জ্যাভলিনে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তানের নাদিমও এই প্রতিযোগিতায় অংশ নেবেন। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ককে সামনে রেখে নাদিম অংশ নেবেন না বলে জানিয়ে দেন। শুধু তাই নয়, নীরজ যখন তাঁকে অনুরোধ করেছিলেন ভারতে আসার জন্য, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরিশেষে নীরজ নিজেই বলে দিয়েছিলেন, নাদিম ছাড়াই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবারে এই দুই জ্যাভলারের মধ্যে সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত-পাকিস্তানের সংঘাতের পরে যেটুকু সম্পর্ক ছিল, তা মুছে গেছে। টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী জ্যাভলার অংশগ্রহণ করছেন দোহা ডায়মন্ড লিগে। সাংবাদিকরা নাদিমকে নিয়ে প্রশ্ন করায় নীরজ বলেন, ‘সবার আগে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমার সঙ্গে কখনওই আর্শাদ নাদিমের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না।’


নীরজ আরও বলেছেন, ‘হ্যাঁ, আমরা দু’জনেই খেলোয়াড়। সেই হিসাবে আমরা মাঝেমধ্যে কথা বলি ঠিকই। অ্যাথলেটিক্স জগৎ এবং তার বাইরেও বিশ্বের অনেকের সঙ্গেই আমার ভাল বন্ধুত্ব রয়েছে। তা ছাড়া, কেউ আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বললে আমিও তার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলে থাকি।’

আর্শাদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে? এই প্রশ্নের উত্তরে তিনি কোনও নিশ্চয়তা দিতে পারেননি। এটা মনে রাখতে হবে জ্যাভলিনে সারা পৃথিবীজুড়ে সেরা খেলোয়াড়দের অভাব রয়েছে। সেই কারণেই প্রত্যেকেই দেশের জন্য যখন প্রতিযোগিতায় নামেন, তখন তাঁরা সেরাটা দিতেই চেষ্টা করেন। আগামী দিনে নীরজও সেই চেষ্টা থেকে দূরে থাকবেন না। সেই কারণেই দুই দেশের এই প্রতিযোগীর মধ্যে সম্পর্ক বলতে যা বোঝায়, তা লড়াইয়ে প্রকাশ পাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। নীরজ নিজেই বলেছন, ভারতের পতাকা বহন করা একটা গর্ব। সেখানে ভারতের জয়ধ্বনি শোনাটা সবচেয়ে বড় প্রাপ্তি।

নীরজের সঙ্গে এর মধ্যে আর্শাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। দোহা থেকে পোল্যান্ডে একটি প্রতিযোগিতায় লড়াই করতে যাবেন নীরজ। আর্শাদ অংশ নেবেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে। এর দ্বারাই প্রমাণ করা যায় পাকিস্তানের আর্শাদের সঙ্গে ভারতের নীরজের আর কোনও সম্পর্কই নেই।