সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা ভারতের, কোচ মুসার ভরসা তরুণ-অভিজ্ঞদের মিশ্রণ

Indian Football Team Photo: X

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষ্যে ২৮ সদস্যের দল ঘোষণা করল ভারত। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের ঢাকায় ৫ থেকে ১৭ নভেম্বর আয়োজিত প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন নওশাদ মুসা। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের এই কোচের সহকারী হিসাবে কাজ করবেন বিবিয়ানো ফার্নান্ডেজ। সম্প্রতি আজ়ারবাইজ়ানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবল উৎসবে ভারতীয় দলের কোচ ছিলেন বিবিয়ানো।

২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেঙ্গালুরুতে কুয়েতকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। এ বার লক্ষ্য দশম বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়া। গ্রুপ বি-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মলদ্বীপ। ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৩টেয়। ১১ নভেম্বর একই সময়ে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ মলদ্বীপ।

অন্য দিকে, গ্রুপ এ-তে রয়েছে আয়োজক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের প্রথম দু’টি দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল ১৭ নভেম্বর। প্রতিযোগিতার সব ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।


দল ঘোষণার পাশাপাশি ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়েছে ফেডারেশন। সংস্থার সহসচিব এম সত্যনারায়ণ বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ফুটবলারদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ক্লাবগুলি যে সহযোগিতা ও সমর্থন করেছে, সে জন্য আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই’।

ভারতের ২৮ সদস্যের দলে তিন জন গোলরক্ষক, আট জন ডিফেন্ডার, ১২ জন মিডফিল্ডার এবং পাঁচ জন স্ট্রাইকার রয়েছেন। ৩ নভেম্বর কলকাতা থেকে দলের ১৮ জন ঢাকার উদ্দেশে রওনা হবেন। বাকি ১০ জন পরবর্তী কয়েক দিনে দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতের ২৮ সদস্যের দল:

গোলরক্ষক: আর্শ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং, মিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংডিম, মহম্মদ ওয়াইস, নাথান রডরিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং, ব্রাইসন ফার্নান্ডেজ, এবিনদাস জেসুদাসন, ফারুখ চৌধুরি, ম্যাকার্টন নিক্সন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।

স্ট্রাইকার: ইরফান ইয়া়ওয়াড, লিস্টন কোলাসো, মহম্মদ সুহেল, পিভি বিষ্ণু, সুহেল আহমেদ ভাট।

এ বার ভারতের সামনে শুধু খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নয়, সাফ চ্যাম্পিয়নশিপে দশম ট্রফি জয়ের হাতছানিও রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেই লক্ষ্যে যাত্রা শুরু করবেন মুসার দলের ফুটবলাররা।