কেকেআর দলে মুজারাবানি

ফাইল চিত্র

আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দলের মুস্তাফিজুর রহমানের বিকল্প পেয়ে গেল। সই করানো হল জিম্বাবোয়ের ক্রিকেটার ব্লেসিং মুজারাবানিকে। শুক্রবার কেকেআরের তরফে এই ঘোষণা করা হয়েছে। কেকেআরের ডাক পেয়েই পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছেন মুজারাবানি। আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছিলেন মুজারাবানি। দল সুপার এইট থেকে বিদায় নিলেও তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬টি উইকেট পেয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান তিনি। ফলে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। মাথিশা পাথিরানার পাশাপাশি দ্বিতীয় বিদেশি জোরে বোলার হিসাবে তাঁকে দলে নেওয়া হয়েছে।

পিসিএলে প্রথমে কোনও দল পাননি তিনি। পরে ইসলামাবাদ ইউনাইটেড সই করায় মুজারাবানিকে। অতীতে লাহোর কলন্দর্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজারাবানির। এই নিয়ে দ্বিতীয়বার পিএসএলে সুযোগ পাওয়া কোনও ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়ে দল ছাড়লেন। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছিল করবিনশ বশকে। তাঁকে নিয়েছিল পেশওয়ার জালমি। পিএসএল থেকে নাম তোলায় তাঁকে এক বছর নির্বাসিত করা হয়েছে। মুজারাবানির ক্ষেত্রেও তেমন শাস্তি হবে কি না তা এখনও স্পষ্ট নয়।