তথ্য ফাঁসে কড়া পদক্ষেপের ভাবনা মুম্বাইয়ের

আইপিএলের চলতি মরসুমে সাজঘরের গোপন তথ্য বারবার বাইরে চলে যাওয়ায় উদ্বিগ্ন মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। জানা গিয়েছে, দলের অভ্যন্তরীণ পরিবেশ ও গোপনীয়তা রক্ষায় আগামী মরসুমের আগে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে দলের এক কর্তা বলেন, হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের পর থেকেই সাজঘরে বিভেদ ও অসন্তোষ তৈরি হয়েছিল। এক্ষেত্রে নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে দায়ী করা না হলেও দলের ভিতরের নানা তথ্য প্রকাশ্যে চলে আসায় কর্তাদের উদ্বেগ বেড়েছে। মুম্বাই টিম ম্যানেজমেন্ট জানাচ্ছে, অতীতে নেতৃত্ব পরিবর্তন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলেও কখনও সাজঘরের খবর বাইরে আসেনি।

এদিকে, আগামী মরসুমের জন্য নতুন নেতৃত্বের পরিকল্পনা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি। এই বিষয়ে রোহিত শর্মার মতামতও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং দলের অভ্যন্তরীণ অস্থিরতাকেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।