‘পুরনো গাড়িটাকে রাস্তায় চালানোর উপযুক্ত করে তুলতে হবে’, আইপিএল ২০২৭-এ খেলা নিয়ে কেন এমন বললেন ধোনি?

Photo: X

আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ কী? এই নিয়ে জল্পনা চলছেই। ২০২৬ সালের আইপিএলে একটি ম্যাচেও খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। পায়ের পেশিতে চোট এবং ফিটনেসের সমস্যায় গোটা মরসুম মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে। তা হলে কি ২০২৭ আইপিএলে দেখা যাবে মাহিকে?

এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। তবে আগামী মরসুমে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিটনেস যাচাই করে নিতে চান ধোনি। জানিয়ে দিলেন, ডিসেম্বরের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

শনিবার বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, আইপিএলের আরও একটি মরসুমে খেলার ইচ্ছা রয়েছে কি না। ধোনির উত্তর শুনে হাসি চেপে রাখতে পারেননি দর্শকেরা। নিজের ফিটনেসের প্রসঙ্গ টেনে চিকিৎসকদের উপরেই দায়িত্ব চাপিয়ে দিয়েছেন তিনি।


ধোনি বলেন, ‘ডাক্তার, আমাকে পরীক্ষা করতে হবে। আপনাকে রিপোর্ট দিতে হবে। তার পরে ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে, আরও একটা মরসুম খেলার মতো শক্তি আমার আছে কি না।’

সেখানেই থামেননি তিনি। মজার ছলে আরও বলেন, ‘যদি আমার সেই ক্ষমতা না থাকে, তা হলে আপনাদেরই সব কিছু ঠিকঠাক করতে হবে। নিশ্চিত করতে হবে, এই পুরনো গাড়িটা যেন রাস্তায় ঠিক ভাবে চলতে পারে। তাই সব চাপ আপনাদের উপরেই।’

ধোনির এই মন্তব্যে একটা বিষয় স্পষ্ট, আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেননি তিনি। তবে ২০২৭-এর প্রতিযোগিতায় খেলতে নামার আগে নিজের শারীরিক সক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>MS DHONI ON HIS FUTURE IN IPL 🥹🤞

– Comeback strong in IPL 2027 for Chennai Super Kings. [ANI] https://t.co/nw54TYLNsQ</p>&mdash; Johns. (@CricCrazyJohns) <a href=”https://x.com/CricCrazyJohns/status/2114191752051802150?ref_src=twsrc%5Etfw”>October 25, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

ধোনির মতো ক্রিকেটারের মাঠের বাইরে বসে থাকা যে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাছে বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ র আইপিএলে পায়ের পেশিতে চোটের কারণে গোটা মরসুম খেলতে পারেননি তিনি। ফলে আগামী মরসুমে তাঁর প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ তুঙ্গে।

তবে চেন্নাইয়ের ব্যাটিংয়ে ধোনির ভূমিকা সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা বদলেছে। আগের মতো দীর্ঘ ইনিংস খেলার বদলে সাধারণত ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নামেন তিনি। অল্প সময়ে বড় শট খেলে দলের রান বাড়ানোই তাঁর প্রধান দায়িত্ব। ধোনির সেই পরিচিত ছক্কা দেখার অপেক্ষায় থাকেন সমর্থকেরাও।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ধোনি। ২৭৮টি ম্যাচে ২৪২টি ইনিংসে তাঁর সংগ্রহ ৫৪৩৯ রান। গড় ৩৮.৩০। রয়েছে ২৪টি হাফ সেঞ্চুরি।

ধোনির নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এ ছাড়াও তাঁর অধিনায়কত্বে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছে দল। ২০২৩-এ ধোনির নেতৃত্বেই শেষ বার আইপিএল ট্রফি জিতেছিল চেন্নাই।

কিন্তু ২০২৪-এ ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্ব যাওয়ার পর থেকে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ২০২৫-এ লিগ টেবলের একেবারে শেষ স্থানে থেকে শেষ করেছিল চেন্নাই। ২০২৬-এ কিছুটা উন্নতি হলেও আট নম্বরের উপরে উঠতে পারেনি তারা।

আগামী মরসুমে ধোনি ফিরলে দলের অভিজ্ঞতা বাড়বে, সমর্থকদের মধ্যেও নতুন করে প্রত্যাশা তৈরি হবে। তবে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত নয়। আপাতত নিজের ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই মাহির প্রথম লক্ষ্য।

ধোনি কি আরও এক বার হলুদ জার্সিতে মাঠে নামবেন? উত্তর পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। ধোনি ভক্তদের আশা, পুরনো গাড়ি আবারও গর্জে উঠবে আইপিএলের রাস্তায়।