এবার কাস্টমসের কাছে হেরে গিয়ে লিগ জয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান

কথায় যে বড় হয়, বড় সে নয়। এই প্রবাদবাক্যটা এখন সবুজ-মেরুন শিবিরে দারুণভাবে ঘোরাফেরা করছে। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ফুটবল লিগে কোচ বাস্তব রায় বেশ কিছুদিন ধরেই দলের পারফরম্যান্স নিয়ে বড় গলায় কথা বলে চলেছেন। আদপে তা সার্থক রূপ পায়নি।প্রথম ম্যাচ জেতার পরেই কোচ ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আর তারপরেই হোঁচট খেতে হয়েছে মোহনবাগানকে। তবে গত ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল। আর শনিবার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে লড়াই করে ম্যাচ ছিনিয়ে নিতে পারল না মোহনবাগান। ক্যালকাটা কাস্টমস ১-০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে। কোচ বাস্তব রায়ের দল লিগ জয়ের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ল।

কলকাতা ফুটবল লিগে নিয়মিত যাঁরা খেলে থাকেন, তাঁরা প্রত্যেকেই প্রথম একাদশে ছিলেন। তবে কিয়ান নাসিরিকে প্রথম একাদশে রাখা হয়নি। গত ম্যাচে চোট পেয়েছিলেন। এই মুহূর্তে দলের অপরিহার্য ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামিয়েছিলেন কোচ। এ বাদেও সিনিয়র দল থেকে অ্যালেক্স সাজি ও দীপক টাংরিকেও মাঠে নামানো হয়েছিল। কিন্তু কোনও কাজেই এলেন না তাঁরা। সারা মাঠে তাঁরা অহেতুক ছোটাছুটি করলেন। প্রতিপক্ষ দলকে সেই অর্থে চাপের মধ্যে রাখতেই পারলেন না। হালকা চোট থাকা সত্ত্বেও সায়ন কিছুটা খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই পর্যন্তই। বেশ কয়েকটা সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। কিন্তু আসল লক্ষ্যে পৌঁছতে পারেননি। একটা সময় মোহনবাগানের খেলা থাকলেই সমর্থকরা শুধু মাঠে ছুটে আসতেন না, খেলোয়াড়দের উৎসাহিত করে জয়ের পথটা প্রশস্ত করে দিলেন। এখন সেইসব ভাবনা কোনও সমর্থকদের ভাবায় না। অনেকে এখনও বলেন, মোহনবাগানের কাছে কাস্টমস একটা গাঁট। এদিনও তার ছবিটা দেখতে পাওয়া গেল। কাস্টমসের সেই অর্থে কোনও নামী ফুটবলার নেই। কিন্তু কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের অঙ্কের কাছে হার মানতে হল মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে কাস্টমস একটি গোল করে ফেলেছিল। কিন্তু তার আগে দীপেন্দু বিশ্বাসকে ফাউল করায় গোলটি বাতিল হয়ে যায়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কাস্টমস পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না রাজু সোরেন। স্বাভাবিকভাবে এগিয়ে থাকা কাস্টমস সময় নষ্ট করার জন্য নানা অজুহাত দেখিয়ে খেলোয়াড়রা মাঠে বসে পড়েন। কিন্তু রেফারি তাঁদেরকে সতর্ক করে দিয়ে খেলায় চলে আসতে বার বার সতর্ক করে দেন। খেলার শেষে কোচ বাস্তব রায় বলেছেন, আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল পাইনি। যেভাবে আক্রমণভাগের দুই প্রান্ত থেকে ফুটবলাররা সচল ছিলেন, তাতে গোল না হওয়ায় অবাক হতে হয়। এই ভুলগুলি শুধরে নেওয়া যাবে আগামী দিনে। কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, মোহনবাগান বেশ ভালো দল, তবে কোনও কোনও দিন খেলার ধারাবাহিকতা হারিয়ে যায়। কিছু করার থাকে না। বিশ্বজিৎ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কাস্টমসের কোচের দায়িত্ব সামলাচ্ছেন রাজীব বাগ।