আইএসএলে ঘরের মাঠে আজ প্রথম নামছে সবুজ-মেরুন বাহিনী, চেন্নাইয়ের বিরুদ্ধে চোট-চিন্তায় বাগান শিবির

Image: X

আইএসএলে ঘরের মাঠে ফিরছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) । আর সেই প্রত্যাবর্তনে সামনে চেন্নাইন এফসি। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (ISL) ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এক দিকে, আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামছে সবুজ-মেরুন (Mohun Bagan) । অন্য দিকে, মরসুমের প্রথম জয়ের খোঁজে মরিয়া চেন্নাইন। ফলে ম্যাচের আগে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে।

মরসুমের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) । তবে পরের ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। এ বার ঘরের মাঠে সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য কোচ প্যানোয়াতিস দিম্পেরিসের দলের।

অন্য দিকে, প্রথম ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ড্র করার পরে বেঙ্গালুরু এফসি-র কাছে ০-২-এ হেরেছে চেন্নাইন। ফলে কলকাতায় পয়েন্ট পাওয়ার জন্য বাড়তি তাগিদ থাকবে তাদের।


সুযোগ নষ্টে বিরক্ত মোহনবাগান কোচ

মোহনবাগানের (Mohun Bagan) কোচ দিম্পেরিসের প্রধান চিন্তা গোলের সুযোগ কাজে লাগানো। আক্রমণে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলিকে গোলে পরিণত করতে না পারায় দলের উপর আরও বেশি জোর দিচ্ছেন তিনি। বলেছেন, ‘২৬টি শট নেওয়ার পর একটিও গোল না পাওয়াটা মোটেই ভাল ব্যাপার নয়। অন্তত তিন-চারটে গোল করা উচিত ছিল।’

তাঁর বক্তব্য, শুধু সুযোগ তৈরি করলেই হবে না, সেগুলিকে কাজে লাগাতে হবে। বলের দখল রাখার সময় ভুল কমানো এবং আক্রমণের গতি বাড়ানোর দিকেও নজর দিতে চান তিনি।

চেন্নাইনের বিরুদ্ধে দলের লক্ষ্য নিয়ে মোহনবাগান (Mohun Bagan) কোচের বার্তা স্পষ্ট। বলেছেন, ‘চেন্নাইয়িনের বিরুদ্ধে আমাদের জিততেই হবে। আমাদের সবাইকে একসঙ্গে ডিফেন্স করতে হবে, আবার সবাইকে একসঙ্গে আক্রমণও করতে হবে।’

ঘরের মাঠে সমর্থকদের সামনে দলকে আরও ধারালো ফুটবল খেলতে দেখতে চান কোচ। তবে এই ম্যাচের আগে চোট-সমস্যায় জর্জরিত সবুজ মেরুন শিবির। জেমি ম্যাকলারেনের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। মিগেল ফিগেইরার হ্যামস্ট্রিংয়ের সমস্যাও চিন্তায় রেখেছে দলকে। আপুইয়া হাসপাতালে। এই তিনজনকে ছাড়াই হয়তো আজ মাঠে দল নামাতে হবে মোহনবাগানকে (Mohun Bagan) ।
সেক্ষেত্রে সহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপাদের শুরু থেকে খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে এমবাপের গোল, এল ক্লাসিকোয় বাজিমাত রিয়ালের, খেতাবের দৌড়ে মোরিনিয়ো-বাহিনী

 আত্মবিশ্বাসী চেন্নাইন কোচ মিরান্ডা

মোহনবাগানের (Mohun Bagan) শক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন চেন্নাইন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। সবুজ-মেরুনকে খেতাবের অন্যতম দাবিদার বলেও উল্লেখ করেন তিনি। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে বেশি না ভেবে নিজেদের দলের ঐক্য ও শক্তির উপরেই জোর দিতে চান।

মিরান্ডার কথায়, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের শক্তি এবং দলের ঐক্য। আমরা যদি এই দু’টি বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারি, তা হলে ভাল ফল আসবে।’

মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে খেলতে নেমে অবশ্য নিজেদের খেলার ধরন বদলাতে চান না তিনি। চেন্নাইন কোচ বলেছেন, ‘আমরা মোহনবাগানের জন্য নিজেদের খেলার ধরন বদলাব না।’

তবে ফাইনাল পাস এবং প্রতিপক্ষের বক্সে আরও বেশি ফুটবলার নিয়ে যাওয়ার ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘শেষ ধাপে ঠিক কী সংশোধন করতে হবে, সেটা আমরা জানি।’

দলের রক্ষণভাগের ফুটবলার এমানুয়েল ইমানিশিমওয়ে জানিয়েছেন, অনুশীলনে দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘এই সপ্তাহে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ধীরে ধীরে একটা দল হয়ে উঠছি। আশা করছি, আমাদের খেলায় উন্নতি হবে।’

চোটের কারণে গ্ল্যান মার্টিন্স, ভিগনেশ দক্ষিণামূর্তি এবং মহেশ সিংকে পাবে না চেন্নাইন। তবে হারমন্দীপ সিং ও নিকোলা স্তোয়ানোভিচ খেলার জন্য প্রস্তুত। মাদিহ তালালও প্রায় পুরো ফিটনেস ফিরে পেয়েছেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে ফের ব্যর্থ রাহুল-যশস্বী, পাডিক্কালের অর্ধশতরানে লড়াইয়ে ভারত

 পুরনো দলের বিরুদ্ধে থাপা, কয়েথ

ম্যাচে বাড়তি আকর্ষণ দুই দলের কয়েক জন ফুটবলারের পুরনো সম্পর্ক। মোহনবাগানের অনিরুদ্ধ থাপা ও গোলকিপার বিশাল কয়েথ একসময় চেন্নাইনের হয়ে খেলেছেন। অন্য দিকে, চেন্নাইনের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস কলকাতায় ফিরে মুখোমুখি হবেন সেই ক্লাবের, যেখানে তিনি তারকা হয়ে উঠেছিলেন। গ্লেন মার্টিন্স ও নুনো রেইসও কলকাতার দলে খেলে গিয়েছেন। তাঁদেরও অনেক কিছু প্রমাণ করার থাকতে পারে।

২০২৬-এ ফেব্রুয়ারিতে যুবভারতীতে শেষ সাক্ষাতে চেন্নাইনকে ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগান(Mohun Bagan) । গোল করেছিলেন ম্যাকলারেন ও দিমিত্রিয়স পেত্রাতোস। এ বারও সেই ফলের পুনরাবৃত্তি চাইবে সবুজ-মেরুন শিবির। কিন্ত দুজনের কাউকেই হয়তো এই ম্যাচে দেখা যাবে না।

কিক-অফ: সোমবার, সন্ধ্যা ৭.৩০।
সরাসরি সম্প্রচার: আইএসএলের ইউটিউব চ্যানেল ও সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/uyo957E6CjI?si=j0T5hRfxH64znaAk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>