সুপার সিক্সের প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে পাত্তাই দিল না মোহনবাগান

PIC-X

কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের ডার্বি ম্যাচে আইএসএলে খেলা ফুটবলারদের নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। অনেকেই ভেবেছিলেন ডুরান্ড কাপের ফাইনালের হারের বদলা নেবে মোহনবাগান। আদপে তা হল না। ডার্বি ম্যাচে ড্র করে মোহনবাগান সমালোচিত হল। কিন্তু তাতে দমে থাকেনি সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার সুপার সিক্সের প্রথম সাক্ষাৎকারে কোল ইন্ডিয়াকে বড় ব্যবধানে (৫-১ গোল) হারিয়ে  চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে থাকল। ডার্বি ম্যাচে যে সমস্ত ভুলগুলি হয়েছিল, সেই ভুল শুধরে নিয়ে মোহনবাগান আগুন ফুটবল খেলল। খেলার শুরু থেকেই আগ্রাসী মেজাজে কোজ বাস্তব রায়ের ব্রিগেড প্রতিপক্ষকে বুঝিয়ে দিল তাদের কোনওভাবেই স্তব্ধ করা যাবে না।

খেলার ২ মিনিটের মাথায় মনবীর সিংয়ের দুরন্ত শট গোলের সুযোগ তৈরি করে দিয়েছিল। গোলের সামনে দাঁড়িয়ে থাকা লিস্টন কোলাসো সেই বলটি নিজের আয়ত্তে না রাখতে পেরে সুযোগ হাতছাড়া করেন। তারপরেও লিস্টন একটি সহজ সুযোগ নষ্ট করেন। কোল ইন্ডিয়ার গোলরক্ষক সঞ্জয়কুমার ভট্টাচার্য বল ধরার জন্য এগিয়ে এসেছিলেন। লিস্টন ভেবেছিলেন গোলকিপারের মাথার উপর দিয়ে বলটি গোলের জালে জড়িয়ে দেবেন। কিন্তু তা হল না। পাল্টা আক্রমণে কোল ইন্ডিয়া উঠে আসে। ১০ মিনিটের মাথায় কোল ইন্ডিয়ার সায়ন রায় বাঁ পায়ে একটা দারুণ শট নিয়েছিলেন। সবুজ-মেরুন গোলরক্ষক দীপ্রভাত ঘোষ সেই শট ফিরিয়ে দেন। খেলার ১৯ মিনিটে সাহাল আবদুল সামাদের শট অল্পের জন্য বারের উপর দিয়ে উড়ে যায়। তবে পরের মিনিটেই মোহনবাগানের মনবীর সিং আগুয়ান কোল ইন্ডিয়ার গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন। মোহনবাগান এগিয়ে যাওয়ার পরেই আক্রমণে আরও গতি বাড়িয়ে গোলের সংখ্যা বাড়াতে তৎপর হয়ে ওঠেন ফুটবলাররা। কিয়ান নাসিরি একেবারে ঠিকানা লেখা পাস বাড়িয়ে দিয়েছিলেন মনবীরকে। কিন্তু মনবীরের আগেই সেই বলটি কোল ইন্ডিয়ার গোলরক্ষক সঞ্জয় নিজের আয়ত্তে নিয়ে নেন। খেলার ৩৩ মিনিটের মাথায় আবার গোল। প্রতিপক্ষ দলের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে একেবারে দাঁড় করিয়ে দুরন্ত শটে গোল করেন সাহাল। এদিন কিয়ান নাসিরি যেভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সতীর্থ খেলোয়াড়দের কাছে বল বাড়িয়ে দিয়েছিলেন, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। ৩৬ মিনিটে কিয়ান নাসিরির থেকে পাওয়া বলে সন্দীপ মালিক সাইড ভলিতে দৃষ্টিনন্দন গোল করে মোহনবাগানকে ৪-০ গোলে এগিয়ে দেন। ৪২ মিনিটের মাথায় মোহনবাগান পেনাল্টি পায়। পেনাল্টি থেকে মনবীর সিং গোল করতে এতটুকু ভুল করেননি। খেলার প্রথমার্ধেই মোহনবাগান ৫-০ গোলে এগিয়ে যায়।

 


দ্বিতীয় পর্বের শুরু থেকেই মোহনবাগান আবার আক্রমণে ঝড় তুলতে চেষ্টা করে। শুরুতেই মনবীর একটি গোলের সুযোগ হাতছাড়া করেন। ৫৮ মিনিটে কিয়ান নাসিরির ক্রশ থেকে পাওয়া বলে সায়ন গোল করতে পারেননি। ৭৪ মিনিটে কোল ইন্ডিয়া একটি পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোলের ব্যবধান কমান ইরফান সর্দার। এখানে উল্লেখ করা যেতে পারে, চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সব দলের কাছেই গোল একটা ফ্যাক্টর হবে। তাই প্রথম থেকেই মোহনবাগান চাইছে গোলের ব্যবধান বাড়িয়ে রাখতে। সেই লক্ষ্যেই মোহনবাগান প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিল।