আইএসএল ফুটবলে মিনি ডার্বি ম্যাচে আজ যুবভারতী ক্রীড়াঙ্গণে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট ও মহামেডান স্পোর্টিং। স্বাভাবিকভাবেই এই ম্যাচটার গুরুত্ব অন্য জায়গায় গিয়ে পৌঁছবে। মোহনবাগান পরপর দুটো ম্যাচে জয় পেয়েছে। কিন্তু মহামেডান স্পোর্টিং এখনও জয়ের মুখ দেখেনি। অবশ্য সাদা-কালো শিবিরে কোনও বিদেশি খেলোয়াড় নেই। তাই দুর্বল মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড জয় পেতে আত্মবিশ্বাসী। মোহনবাগান কোচ সার্জিও লোবেরো চাইবেন মহামেডানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে। আর জয় পেলেই লিগ টেবলে শীর্ষস্থানে পৌঁছে যাবে মোহনবাগান।
এদিকে ‘এ’ লিগের সর্বোচ্চ গোলদাতা মোহনবাগানের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। অথচ, গত মরসুম থেকে আইএসএল খেললেও গোল্ডেন বুট পাননি তিনি। চলতি আইএসএলে দু’ম্যাচে ইতিমধ্যেই দুটি গোল করেছেন। তাই প্রশ্ন উঠছে এবার কি সেই লক্ষ্যপূরণ করতে পারবেন সবুজ-মেরুনের তারকা স্ট্রাইকার? তবে ম্যাকলারেনের স্পষ্ট জবাব, আমি ব্যক্তিগত সাফল্য নিয়ে বিশেষ ভাবিত নই। বরং, দলের জয়টাই আমার কাছে প্রধান লক্ষ্য। আগাম সাংবাদিক বৈঠকে মোহনবাগানের অস্ট্রেলীয় এই তারকা জানান, গত মরসুমে তাঁর গোলেই লিগশিল্ড জিতেছিল সবুজ-মেরুন। যদিও, তিনি সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। তাতে অবশ্য তাঁর কোনওরকম আক্ষেপ নেই বলেও জানান তিনি। ম্যাকলারেন বলেন, বিদেশি খেলোয়াড়রা নিজেদের ঘর-পরিবার ছেড়ে যখন খেলতে আসে তখন তাদের প্রধান লক্ষ্য থাকে ক্লাবের হয়ে সর্বোচ্চ সাফল্য পাওয়া। মোহনবাগানকে সেই কাঙ্খিত সাফল্য এনে দিতে পেরে যথেষ্ট খুশি তিনি।
একইসঙ্গে, আইএসএলকে অন্যতম কঠিন লিগ বলে আখ্যা দিলেন বাগানের অস্ট্রেলিয়ার এই তারকা। তিনি বলেন, এ লিগের থেকে আইএসএলে অনেক ভালো মানের বিদেশি ডিফেন্ডাররা খেলেন। যাদের বিরুদ্ধে খেলা খুব একটা সহজ নয় বলেই মনে করছেন ম্যাকলারেন। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, মোহনবাগান ভারতের অন্যতম সেরা দল। তাই, বিপক্ষ দল সবসময় তাদের বিরুদ্ধে ভালো খেলার চেষ্টা করেন। তবে তিনি যে ট্রফি জিততেই ভারতে এসেছেন, সেকথা ফের একবার স্পষ্ট করে দিলেন বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার। এদিকে, খেতাব জিতলেও ব্যান থাকায় আগামী দু-মরসুম এএফসি’তে খেলতে পারবে না মোহনবাগান। বিষয়টি নিয়ে বিশেষ ভাবতে চান না ম্যাকলারেন।
তিনি বলেন, বিষয়টি তাঁদের হাতে নেই। তাদের কাজ দলকে সাফল্য এনে দেওয়া। সেই কাজেই আপাতত মনোনিবেশ করতে চান তিনি। আর, বর্তমানে মহামেডানের বিপক্ষে জয় তুলে নেওয়াই যে তাদের প্রধান লক্ষ্য, সেকথাও জানাতে ভুললেন না বাগানের অস্ট্রেলিয়ান এই তারকা। তবে মহামেডান স্পোর্টিংয়ের কোচ রায়াড়ু বলেছেন, আমাদের দল অবশ্যই প্রতিপক্ষ মোহনবাগান থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। তাই বলে ফুটবল যুদ্ধে আমরা লড়াই করতে চাই। ফলাফল তো পরে কথা বলবে। আমাদের দলের বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে, যাঁরা এই ম্যাচটাকে অন্যভাবে দেখতে চাইছেন। তাই আশা করব, এই দুই প্রধানের লড়াইটা খুব একটা খারাপ জায়গায় পৌঁছবে না।