কলকাতা লিগে হারিয়ে জয়ের পথে ফিরল মহামেডান

Photo: X

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় মহামেডান স্পোর্টিং ক্লাব আবার জয়ের পথে ফিরল। মহামেডান স্পোর্টিং ৩-২ গোলে মেসারার্সকে হারিয়েছে। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে গ্রুপ ’বি’-তে থাকা সাত নম্বরে মেসারার্স ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল সাদা-কালো শিবির। গত দুটো ম্যাচে মহামেডান স্পোর্টিং কোনও জয়ের মুখ দেখেনি। তাই এই ম্যাচটা মহামেডানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সাত ম্যাচে তারা ১৫ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল। তবে মহামেডান স্পোর্টিং এখনও পর্যন্ত কোনও খেলায় হারেনি। তাই কোচ মেহরাজউদ্দিন ওয়াড়ুর ফুটবলাররা খেলার শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে প্রতিপক্ষ মেসারার্সের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

খেলার ২৫ মিনিটের মাথায় মহামেডান স্পোর্টিংয়ের হয়ে প্রথম গোলটি করেন লালরেমসাঙ্গা। বৃষ্টিভেজা মাঠে সাদা-কালো শিবিরের ফুটবলাররা যেভাবে আক্রমণ গড়ে তুলেছিলেন মেসারার্স দলের বিরুদ্ধে, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল তারা বড় ব্যবধানে জিততে পারে। খেলার প্রথম গোল হওয়ার পরেই মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা সম্মিলিতভাবে প্রতিপক্ষ শিবিরের রক্ষণভাগে ফাটল ধরানোর চেষ্টা করেন। ৩০ মিনিটের মাথায় মহামেডান স্পোর্টিং আবার গোল পেয়ে যায়। এবারের গোলদাতা লালগাইশাকা। খেলার ৪৩ মিনিটে মেসারার্সের হয়ে গণেশ বেসরা গোল করে ব্যবধান কমান। খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে মহামেডান।

দ্বিতীয় পর্বে খেলার শুরু থেকেই মেসারার্স দল আক্রমণে গতি বাড়িয়ে মাঝেমধ্যেই প্রতিপক্ষ দলের শিবিরে হানা দিতে থাকে। তারই সুবাদে ৬১ মিনিটে শ্রীমন্ত কিস্কু গোল (২-২) করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। সাদা-কালো ফুটবলাররা নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে মেসারার্সের রক্ষণভাগে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গোল করার মতো সুযোগ তাঁরা তৈরি করতে পারেননি। মেসারার্স দলের রক্ষণভাগের খেলোয়াড়রা কিছুটা এলোমেলো হয়ে যাওয়ায় ৮৭ মিনিটে মহামেডানের অধিনায়ক মহীতোষ রায় গোল করে (৩-২) জয়ের পথকে নিশ্চিত করে দেন।