আগামী রবিবার আইএসএলে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। বর্তমানে ১০ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় একেবারে শেষে রয়েছে মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। এখনও পর্যন্ত মহামেডানে স্পোর্টিং জয়ের মুখ দেখেনি। সেই কারণে কেরালার বিরুদ্ধে লড়াই করে ৩ পয়েন্ট ঘরে তুলে আনা।
তবে, আপাতত এই নিয়ে বিশেষ ভাবতে রাজি নন সাদা-কালো কোচ ওয়াডু। কেরালার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে তাঁর স্পষ্ট বক্তব্য, বর্তমানে দল এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে আইএসএলে টিকে থাকতে হলে যে কোনওভাবেই হোক ম্যাচ জিততে হবে। ওয়াডু আশাবাদী, দল কেরালা ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই কলকাতা ফিরবে। তিনি আরও বলেন, বাকি থাকা ম্যাচগুলো কাজে লাগাতে পারলে দল ভালো জায়গায় শেষ করতেই পারে।
একইসঙ্গে, দলের খেলোয়াড়দের বিশেষ কৃতিত্ব দিতে ভুললেন না মেহেরাজ। বলেন, শেষ কয়েকটা ম্যাচ দল ভালো খেলেছে। যেখানে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো তারা জিততেও পারতেন বলে মনে করছেন তিনি। এজন্য, অবশ্য পুরো কৃতিত্বই খেলোয়াড়দের দিচ্ছেন তিনি। জানান, খেলোয়াড়রা বেশ পরিশ্রম করছে। পাশাপাশি, প্রতিপক্ষ কেরালাকেও বেশ সমীহ করছেন সাদা-কালো কোচ। এদিন মেহেরাজ বলেন, কেরালা খুব ভালো দল। তাদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। নতুন কোচ যোগ দেওয়ার পর থেকে একটি ম্যাচেও হারেনি তারা।
একই সঙ্গে দলের বর্তমান অবস্থা নিয়েও মুখ খুলেছেন ওয়াডু। তাঁর মতে, গত দেড় বছর ধরে ক্লাব এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। খেলোয়াড়দের জন্য এই বিষয়টা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও তারা নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করছে। মেহেরাজ ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তাদেরও। সাদা-কালো কোচ বলেন, ক্লাব-কর্তারাও নিজেদের সর্বোচ্চ দিয়ে ক্লাবটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে, এই ম্যাচে চোটের জন্য মহামেডান সম্ভবত পাচ্ছে না ডিফেন্ডার হীরা মন্ডলকে। এছাড়াও, আরও দু-একজন খেলোয়াড়ের কিছুটা চোট-আঘাত সমস্যা রয়েছে।