রাজনীতিতে মহম্মদ শামি? বিজেপি সভাপতির সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা, কী কথা হল বৈঠকে?

Photo: Statesman

রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুঁওয়ার বাসিত আলি। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। শামির রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

বৈঠক ঘিরে জল্পনার অন্যতম কারণ, চলতি মাসেই আর এক ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহালকে বিজেপির জাতীয় ওবিসি মোর্চার কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। তার পরেই শামির সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাৎ ক্রিকেট ও রাজনৈতিক—দুই মহলেই জল্পনা বাড়িয়েছে। তাহলে কি শামি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এ বার রাজনীতিতে যোগ দিতে চলেছেন?

গত ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন শামি। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ১৩ বছরের কেরিয়ারের ইতি টানেন তিনি। ভারতের হয়ে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন এই পেসার। তাঁর গড় ২৭.৭১। সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট।


২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন শামি। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে চারটি উইকেট নিলেও ২০৯ রানে হেরে যায় ভারত।

এ বার আইপিএলেও নতুন চ্যালেঞ্জের সামনে শামি। লখনউ সুপার জায়ান্টস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন তিনি। ১০ কোটি টাকায় শামিকে কিনেছিল লখনউ। পরে ৮ কোটি টাকার বিনিময়ে তাঁকে রাজস্থানে পাঠানো হয়। ২০২৭ সালের আইপিএলে জোফ্রা আর্চারের সঙ্গে রাজস্থানের বোলিং আক্রমণ সামলাতে দেখা যাবে শামিকে। আইপিএলে এখনও পর্যন্ত ১৩২টি ম্যাচে ১৪৫টি উইকেট নিয়েছেন তিনি।

তবে বিজেপি নেতৃত্বের সঙ্গে শামির এই সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ, না কি রাজনীতিতে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও উত্তর নেই। আপাতত জল্পনার স্তরেই আছে বিষয়টা। তবে অনেকেরই মত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে শামি নিশ্চয়ই তিনি কেমন আছেন, তা জানার জন্য দেখা করতে যাননি। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শামি নিজেও রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অবশ্য কোনও ঘোষণা করেননি।