ভোররাতে মুখোমুখি রোনাল্ডো-মদ্রিচ, বিশ্বকাপে শেষ দেখা দুই কিংবদন্তির?

Modric-Ronaldo Photo-SNS

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লুকা মদ্রিচ—এক যুগেরও বেশি সময় ধরে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সফল জুটিগুলোর একটি। এবার তাঁরা মুখোমুখি হতে চলেছেন প্রতিপক্ষ হিসেবে। চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই শুধু শেষ ষোলোয় ওঠার যুদ্ধ নয়, বরং ফুটবলের দুই মহাতারকার আর একটি স্মরণীয় অধ্যায়ও হয়ে উঠতে পারে।

দু’জনের আন্তর্জাতিক কেরিয়ারের পথচলা শুরু হয়েছিল প্রায় একই সময়ে। ২০০৬-এ আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে ধারাবাহিকভাবে খেলছেন তাঁরা। বর্তমানে রোনাল্ডোর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ২৩২, আর মদ্রিচের ২০২—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ডের মধ্যে পড়ে।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তাঁদের সম্পর্ক ছিল অসাধারণ। রিয়াল মাদ্রিদে টানা ছয় মরসুম একসঙ্গে খেলেছেন রোনাল্ডো ও মদ্রিচ। এই সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পাশাপাশি ২২২ ম্যাচে একসঙ্গে মাঠে নেমেছিলেন তাঁরা। মদ্রিচের নিখুঁত পাস আর রোনাল্ডোর দুর্দান্ত ফিনিশিং বহুবার প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিশেষ করে ২০১৭-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মদ্রিচের অ্যাসিস্ট থেকে রোনাল্ডোর গোল সেই বোঝাপড়ারই অন্যতম সেরা উদাহরণ।


এবার অবশ্য পরিস্থিতি সম্পুর্ণ আলাদা। বিশ্বকাপের নকআউট পর্বে একজনের স্বপ্ন বাঁচবে, অন্য জনের অভিযান শেষ হয়ে যাবে। ফুটবলবিশ্বের অনেকেরই ধারণা, এটি হয়তো বিশ্বকাপে রোনাল্ডো ও মদ্রিচের শেষ দ্বৈরথ। তাই ম্যাচটির আবেগও একেবারে অন্যরকম।
পরিসংখ্যান অবশ্য পর্তুগালের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার বিরু্দ্ধে শেষ চারটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে পর্তুগাল। তবে এই স্তরের ফুটবলে অতীতের রেকর্ডের চেয়ে বর্তমান পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। টরন্টোতে এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোয় স্পেন অথবা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। তবে ফল যাই হোক, এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে স্পেশ্যাল হয়ে থাকবে, দুই কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ হিসেবেই।