ভারতকে ব্যাটিং অর্ডার বদলের পরামর্শ মিতালি রাজের

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে হলে শেষ দুটি ম্যাচে  জিততেই হবে ভারতীয় মহিলা দলকে। এই পরিস্থিতিতে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ।

মিতালির মতে, অধিনায়ক হরমনপ্রীতের উচিত নিজেকে চার নম্বরে তুলে নিয়ে আসা। পাশাপাশি, জেমাইমা রডরিগেজকে পাঁচে নামানো যেতে পারে বলে মনে করছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, প্রোটিয়াদের বিরুদ্ধে এই ফলাফল হতাশাজনক। ম্যাচটা ভারতের জেতা উচিত ছিল বলে জানান তিনি।

মিতালির মতে, সামনের লড়াইটা ভারতের জন্য কঠিন। তাই ব্যাটিংয়ে পরিবর্তন দরকার। তাঁর যুক্তি, জেমাইমা পাঁচ নম্বরে আগেও ভালো পারফর্ম করেছেন। মূলত, এক্ষেত্রে তাঁর স্পিনারদের বিরুদ্ধে খেলতে সুবিধা হবে বলেই মনে করছেন মিতালি। যা তাঁর আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে বলেও মতপ্রকাশ করেছেন তিনি।


এদিকে, ভারত হারলেও তরুণ স্পিনার শ্রী চরণীর বোলিংয়ের প্রশংসা করেছেন মিতালি। তিনি বলেন, ইংল্যান্ডের কন্ডিশনে অভিষেক হওয়া সত্ত্বেও চরণী স্টাম্প টার্গেট করে ধারাবাহিকভাবে বল করেছেন। একটা সময়ে তাঁর গুরুত্বপূর্ণ দুই উইকেট দলকে ম্যাচে ফিরিয়েছিল। সেটারও বিশেষ প্রশংসা শোনা যায় তাঁর মুখে। একইসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের মতে, রাধা যাদবের দুটি ক্যাচ মিস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফল ভিন্ন হতে পারত বলেই মত তাঁর।