শেষ মুহূর্তের উত্তেজনা এ বার মাঠের বাইরেও গড়াল। ম্যাচের সময় রেফারির চোখ এড়িয়ে গিয়েছিল ঘটনাটা। কিন্তু ভিডিও দেখে পরে ব্যবস্থা নিল মেজর লিগ সকার। প্রতিপক্ষ ফুটবলারের ঘাড়ের পিছনে হাত মারার ঘটনায় আর্থিক জরিমানা করা হল লিওনেল মেসিকে। তবে জরিমানার অঙ্ক প্রকাশ করেনি এমএলএস।
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের ঘাড়ের পিছনে চড় মারার অভিযোগ। মাঠে কার্ড না পেলেও পরে শাস্তি পেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার মহাতারকাকে আর্থিক জরিমানা করল মেজর লিগ সকার।
বুধবার আমেরিকার মেজর লিগ সকার-এ ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়ার ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। ম্যাচের একেবারে শেষ দিকে, অতিরিক্ত সময় চলাকালীন কুইন সুলিভানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন মেসি। বল তখন মাঠের অন্য প্রান্তে থাকলেও আর্জেন্টিনার তারকা মাঝমাঠে গিয়ে সুলিভানের মুখোমুখি হন। কথা কাটাকাটির পর আচমকাই তাঁর ঘাড়ের পিছনে চাপড় মারেন মেসি।
ঘটনার পরে সুলিভানও মেসির সামনে গিয়ে দাঁড়ান। দু’জনের মধ্যে উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত অন্য ফুটবলাররা পরিস্থিতি সামাল দেন। সেই সময় রেফারি ফিলিপ দুজিচের পিছন দিক মাঠের ওই ঘটনার দিকে ছিল। পরে তিনি এসে দুই ফুটবলারকে আলাদা করেন, কিন্তু কাউকেই কার্ড দেখাননি।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে এমএলএসের শৃঙ্খলারক্ষা কমিটি। লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ের দিকে হাত ব্যবহার সংক্রান্ত লিগের নীতি ভঙ্গ করার জন্য মেসিকে জরিমানা করা হয়েছে’। একই অভিযোগে ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ অবশ্য প্রকাশ করা হয়নি।
শুধু মেসি-সুলিভানের ঘটনাই নয়, ম্যাচের শেষ দিকে মায়ামির পেনাল্টি বক্সে আরও একটি সংঘর্ষ হয়। সেই ঘটনায় ফিলাডেলফিয়ার কুইনের ছোট ভাই ও সতীর্থ ক্যাভান সুলিভান এবং ইন্টার মায়ামির ইতালীয় মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি দুজিচ।