তারা বিশ্বচ্যাম্পিয়ন। এই তকমা নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা। তবে বিশ্বসেরাদের তকমা নিয়ে বাড়তি আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। দলের প্রথম ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চার বছর আগের সাফল্য বর্তমান বিশ্বকাপে কোনো বাড়তি সুবিধা এনে দেবে না।
প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন বলে আমরা তো কোনো নিশ্চয়তা পাব না। আমাদের আগের মতোই প্রতিদ্বন্দিতা করে যেতে হবে এবং আবারও প্রমাণ করতে হবে আমরা কী অর্জন করেছি।”
আর্জেন্টিনা কোচের মতে, অতীতের কৃতিত্ব ভুলে নতুন করে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা একই মানসিকতা নিয়ে লড়াই চালিয়ে যেতে চাই এবং গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের প্রমাণ করতে চাই।”
দলের বর্তমান অবস্থা নিয়ে আশাবাদী স্কালোনি আরও বলেন, “আমাদের দল যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে এবং ছেলেরা সবাই শান্ত আছে। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমরা খুব ভালো ছন্দ নিয়ে এখানে এসেছি।” একই সঙ্গে তিনি ২০২২ কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেন। তাঁর ভাষায়, “২০২২ সালের অভিজ্ঞতা আমাদের আছে। আমরা জানি প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই সবকিছু নির্ধারণ করে না।”
এদিকে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আকর্ষণ বরাবরের মতোই অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে মেসির গুরুত্ব নিয়ে কোনো রাখঢাক করেননি স্কালোনি। তিনি বলেন, “লিও মেসি সবসময় আমাদের পাশে ছিল এবং সবসময়ই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং সে দারুণ ছন্দেও রয়েছে।”
মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিও মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন স্কালোনি। চোটের কারণে তাঁকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও আশাবাদী আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, “এমি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে শুধু একজন গোলরক্ষক নয়, সে দলের একজন নেতা এবং ড্রেসিংরুমে তার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।”
মার্তিনেজের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, “যদি সে খেলতে পারে, তাহলে আমাদের জন্য সেটা দারুণ খবর হবে। তবে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না, তবে আমরা আশাবাদী।”
এদিকে এই বিশ্বকাপে মেসির আরেকটি বিশেষ মাইলফলকও সামনে। আর্জেন্টিনার হয়ে তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে স্কালোনি বলেন, “সারা পৃথিবী লিওনেল মেসিকে দেখার অপেক্ষায় রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য সবসময়ই স্পেশ্যাল।”
বিশ্বকাপের খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে স্কালোনির বক্তব্যে স্পষ্ট, অতীতের গৌরব নয়, বরং বর্তমানের পারফরম্যান্সই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই মিশনের কেন্দ্রে রয়েছেন মেসি, মার্তিনেজ এবং ২০২২ সালের বিশ্বজয়ী দলের প্রধান কাঠামো।