মোদীর সঙ্গে সাক্ষাৎই সৌভাগ্য বয়ে আনে! –ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়ার পর সূর্যকুমার

Surya Kumar Yadav Photo-SNS

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় সূর্যকুমার যাদব। এক সময় ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। অথচ বিশ্বকাপ জয়ের পরেই জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনা থেকে বাদ পড়েন সূর্য। তবে হাল ছাড়তে নারাজ মুম্বইয়ের এই তারকা ব্যাটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে ঝড় তুলে ফের জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন তিনি। আর নিজের সাম্প্রতিক ছন্দে ফেরার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ‘স্কাই’।

৬ নভেম্বর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে দেখা করেছিলেন সূর্য। সেই সাক্ষাৎ যে তাঁর কাছে স্মরণীয় হয়ে রয়েছে, তা জানাতে গিয়ে ভারতীয় ব্যাটার দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয়, ওই সাক্ষাৎই আমার জীবনে সৌভাগ্য বয়ে এনেছে। তার পর থেকেই আবার রান করতে শুরু করেছি। সাক্ষাৎটা সত্যিই খুব ভাল হয়েছিল। আমরা ভেবেছিলাম, হয়তো পাঁচ-দশ মিনিট কথা হবে। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে এবং আমার পরিবারকে প্রায় ৪০-৪৫ মিনিট সময় দিয়েছিলেন। মুহূর্তটা ছিল অসাধারণ।’

সেই আলোচনায় কী কথা হয়েছিল? সূর্য জানিয়েছেন, ‘উনি কী ভাবে সমস্ত পরিস্থিতি সামলান, তা নিয়ে কথা হয়েছিল। আমরা ক্রিকেট খেলি, মাঠে চাপ অনুভব করি। আমি ওঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত ধরনের পরিস্থিতি সামলাতে গিয়ে উনি কতটা চাপ অনুভব করেন। আমার সব প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। পুরো পরিবেশটাই ছিল বেশ হালকা মেজাজের।’


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই ব্যাটে রানের ফোয়ারা ছুটছে সূর্যের। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব দেতয়া হয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেছিলেন। ছ’টি চার এবং পাঁচটি ছক্কায় সাজানো ছিল সেই ইনিংস। মাত্র ১৫ বলেই অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮৫.৭১। মুম্বই সেই ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছিল।

এর পর গুজরাতের বিরুদ্ধে আরও বিধ্বংসী ইনিংস। মাত্র ২৯ বলে ৮২ রান করেন সূর্য। ন’টি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি। তাঁর দাপটে ১৯৯ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারেই তাড়া করে ফেলে মুম্বই। গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচেও ১২ বলে ২৫ রান করেন তিনি। তিনটি ছক্কা ছিল সেই ইনিংসে। মুম্বই ম্যাচটি জেতে ১৮ রানে।

 

এই ধারাবাহিকতা সূর্যের জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে নতুন করে উজ্জ্বল করেছে। গত জুনে নির্বাচকেরা শ্রেয়স আইয়ারকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএলে সূর্যের খারাপ পারফরম্যান্সও সেই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হয়েছিল।

২০২৬-এর আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৬৯ রান করেছিলেন তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে, পুরনো বিধ্বংসী মেজাজ ফিরে পেয়েছেন।

২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সূর্যর। ন’টি ইনিংসে ২৪২ রান করেছিলেন তিনি। আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ম্যাচজয়ী ইনিংসও খেলেছিলেন। তাঁর নেতৃত্বে প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব ধরে রেখেছিল ভারত।

সম্প্রতি দিল্লিতে সিএনএন নিউজ 18 ইন্ডিয়ান অব দ্য ইয়ার অনুষ্ঠানে অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কৃত হয়েছেন সূর্যকুমার। তবে তাঁর চোখ এখন ভবিষ্যতের দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পাশাপাশি আইপিএল জয়ের লক্ষ্যও স্থির করে ফেলেছেন তিনি।
বলেন, ‘২০২৭ সালে যে আইপিএল আসছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেই খেতাব জিততে চাই।’

২০১৮ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত সূর্য। এর আগে ২০১২-য় এই দলের হয়েই আইপিএল খেলেছিলেন তিনি। মাঝে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এ বার আইপিএল ২০২৭-এর জন্য তাঁকে দলে রেখে দিয়েছে মুম্বই। ঘরোয়া ক্রিকেটের এই দুরন্ত ছন্দকে কাজে লাগিয়ে ফের ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।