বেঙ্গল টি২০ লিগের তৃতীয় সংস্করণে প্রথম হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি। শনিবার রাতে ইডেনে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের জার্সি গায়ে শামি ৪ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিলেন চার উইকেট। নিজেদের প্রথম ম্যাচেই ২৪ রানের ব্যবধানে দলের জয়ে নিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শ্রাচী রাঢ় টাইগার্সের ইনিংসের ১৬ নম্বর ওভারের শেষ তিন বলে শামি ফেরান যথাক্রমে অধিনায়ক শাহবাজ আহমেদ, রোহিত কুমার ও দীপাঞ্জন মুখোপাধ্যায়কে। তাঁর প্রথম শিকার ছিলেন ওপেনার সুমন্ত গুপ্ত।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রাচী রাঢ় টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৮ রান তোলে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। জবাবে শ্রাচী রাঢ় টাইগার্স ৯ উইকেট হারিয়ে ১৮৪ রানের বেশি এগোতে পারেনি।