শহরে এলেন জেমি ম্যাকলারেন, আজ ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই হয়তো দেজান-আলবার্তো, মিগুয়েলও এলেন বলে!

Mc Laren Pic courtesy MBSG MEDIA

মঙ্গলবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ গ্যালারিতে বসে দেখবেন মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলীয় তারকা জেমি ম্যাকলারেন। আজ ভোররাতে তিনি অস্ট্রেলিয়া থেকে কলকাতায় এসে পৌঁছলেন। সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে বসে খেলা দেখবেন এমনটাই জানা গেল ক্লাব সূত্রে। গত মরসুমে ১৯টি ম্যাচে ১৩টি গোল করা ম্যাকলারেন বুধবার থেকে দলের অনুশীলনে নামবেন বলে ঠিক রয়েছে।

ম্যাকলারেন চলে এলেও আর এক বিদেশি মিগুয়েল ফিগুয়েরার শহরে আসার কথা বুধবার ভোররাতে। গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলা মিগুয়েল এ বার তাদের চ্রপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেলবেন। তাই তিনি এ মরসুমে কেমন ফর্মে থাকবেন, তা অবশ্যই আকর্ষণের বিষয়।

মঙ্গলবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে এক বিদেশি গ্যালারিতে থাকলেও অনুশীলনের মধ্যে থাকা দুই বিদেশি দেজান দ্রাজিচ ও আলবার্তো রদ্রিগেজকে মাঠেই দেখা যাবে এবং হয়তো দেখা যাবে একেবারে শুরু থেকেই। কলকাতা ডার্বিতে এঁরা রিজার্ভ বেঞ্চ থেকে নেমেছিলেন। আলবার্তো ডার্বির আগের দিন শহরে পৌঁছে সে দিনই মাঠে নেমে পড়ায় অনেকেই বেশ অবাক হয়ে গিয়েছিলেন।


তবে ডার্বির পর কেটে গিয়েছে প্রায় দশ দিন। এই কয়েক দিনে নিজের অনুশীলনে ডুবিয়ে রেখে ম্যাচফিট হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, তাঁরা নাকি এখন পুরো ৯০ মিনিট খেলার অবস্থায় রয়েছে। তাই এই দুজনকে শুরু থেকেই নামিয়ে দেখে নিতে চান সবুজ-মেরুন কোচ।

ডার্বি জিতেই যে ডুরান্ড কাপে খেতাবের একেবারে দোরগোড়ায় পৌঁছে যায়নি তারা, আরো অনেক পথ বাকি আছে, তা খুব ভালো করেই জানে মোহনবাগান সুপার জায়ান্ট। তাই আজ সন্ধ্যায় ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে তাদের জয় তো অবশ্যই প্রয়োজন, সম্ভব হলে গোলের দরজাও অনেকবার খুলতে হবে তাদের।

ডার্বিতে হারের পরে দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল ৮-০ চূর্ণ করেছে সিআইএসএফ প্রোটেক্টর্সকে। আজ, মঙ্গলবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টকেও নিশ্চয়ই এমনই লক্ষ্য নিয়ে নামবে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে।

‘গোল করা অবশ্যই দরকার। কিন্তু আরো গুরুত্বপূর্ণ হল, গোলের সুযোগ তৈরি করা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে আমাদের’, সোমবার অনুশীলনের পরে মোহনবাগান কোচ প্যানাগিওতিস দিলমপেরিসকে (প্যানোস) এ কথাই বলতে শোনা যায়।

বৃষ্টিস্নাত অনুশীলনের পর তিনি যোগ করেন, ‘এই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে ধারাবাহিক ভাবে চাপে রাখা, যাতে ওরা ঘুরে দাঁড়ানোর সুযোগ না পায়। গত দু’সপ্তাহে ছেলেরা আমার আক্রমণের কৌশল কতটা ভালভাবে বুঝতে পেরেছে, সেটাও এই ম্যাচে দেখতে চাই’।

আজকের ম্যাচে কোচ প্যানোস যে কোনো ঝুঁকি নেবেন না, সম্ভবত শুরু থেকেই খেলাবেন দুই বিদেশিকে, দলের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে দ্রুত গোল করাই তাদের লক্ষ্য।

সেজন্যই বিদেশি স্ট্রাইকার দেজান দ্রাজিচকে শুরু থেকেই নামাবেন তিনি। রক্ষণকে আঁটোসাঁটো রাখার জন্য শুরু থেকেই রক্ষণে আলবার্তো রদ্রিগেজকে রেখে দেবেন হয়তো। সোনা গিয়েছে, ৯০ মিনিট খেলার অবস্থাতেই নাকি চলে এসেছেন দুজনেই। দুই বিদেশিকে পেলেও মোহনবাগান আজকের ম্যাচে মাঝমাঠে পাবে না নির্ভরযোগ্য আপুইয়াকে। আহত আপুইয়া দু’দিন ধরেই অনুশীলন করছেন না। তাই এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।

গ্রিক কোচ আক্রমণাত্মক ফুটবলের কথা বলছেন। তাঁর মতে, ‘প্রতিপক্ষ হয়তো রক্ষণাত্মক ফুটবল খেলবে। তাই আমাদের বলের দখল রেখে যথাসম্ভব গোলের সুযোগ তৈরি করতে হবে। গোলের সুযো বেশ তৈরি হলে, তা থেকে গোলও হবে। ডিফেন্সিং ট্রানজিশনেও আমাদের সতর্ক থাকতে হবে’। শেষ পর্যন্ত কোচের এই কথাগুলি মেনেই মাঠে খেলতে পারবেন কি না সহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসোরা, সেটাই দেখার।