সবুজ-মেরুন বাহিনীর মন ভরানো ফুটবল দেখা না গেলেও আইএসএলের প্রথম ডার্বিতে মন জিতে নিলেন সেই জেমি ম্যাকলারেন। তারকা অস্ট্রেলীয় ফরোয়ার্ড চোট সারিয়ে রবিবারই মোহনবাগানের প্রথম এগারোয় ফিরে আসেন। আর ফিরে এসেই ফের সমর্থকদের নয়নের মণি হয়ে উঠলেন। তাঁর গোলেই মরসুমের প্রথম ডার্বি জিতে নিল মোহনবাগান।
রবিবার যুবভারতীতে প্রায় ৪৮ হাজার দর্শকের সামনে দুই দলই অজস্র ভুলে ভরা ফুটবল খেললেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন সেই ম্যাকলারেনই, যিনি গত দুবছর ধরে মোহনবাগান জনতার হৃদয় এ ভাবেই জিতে নিয়েছেন বহুবার। তাঁর ৬৬ মিনিটের গোলেই এ দিন ডার্বি জিতে আইএসএলের লিগ তালিকায় এক নম্বরে রয়ে গেল সবুজ-মেরুন বাহিনী। ইস্টবেঙ্গল নেমে গেল ন’নম্বরে।
এ দিন দিয়েগো জিভুলিচকে ২০ জনের বাইরে রেখেই দল নামায় ইস্টবেঙ্গল। কোচ হাবাস অবশ্য শনিবার সাংবাদিকদের বলেছিলেন, তিনি সুস্থ। তা সত্ত্বেও এদিন তাঁর নাম টিম লিস্টে দেখা গেল না। মোহনবাগানের প্রথম এগারো অবশ্য ছিল প্রত্যাশিতই। জেমি ম্যাকলারেনকে এ দিন শুরু থেকেই দেখা যায়। ইস্টবেঙ্গল চার বিদেশিকে নিয়ে শুরু করলেও মোহনবাগান তিনজনের বেশি বিদেশি রাখেনি প্রথম এগারোয়।
সব দিক থেকে এগিয়ে থাকা মোহনবাগান এ দিন শুরু থেকেই চাপে রাখে প্রতিপক্ষকে। তবে খেলা মিনিট পাঁচেক গড়ানোর পর ইস্টবেঙ্গল পাল্টা আক্রমণে ওঠা শুরু করে। দশ মিনিটের মাথায় ডেভিড লালনসাঙ্গা বক্সে ঢুকে গোলে শট নিলেও তা আটকে দেন আলবার্তো রদ্রিগেজ। শুরু থেকেই হাইলাইন ফুটবল খেলা মোহনবাগানের মাঝমাঠকেও এ দিন মজবুত লাগে। কিন্তু গোছানো ফুটবল বলতে যা বোঝায়, তা খেলতে পারেনি তারা।
আলবার্তো, শুভাশিসরাও মাঝমাঠে এসে অনিরুদ্ধ থাপা, আপুইয়াদের সাহায্য করেন। তবে এর ফলে তাদের রক্ষণে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়, যা কাজে লাগানোর চেষ্টা করেন লাল-হলুদ অ্যাটাকাররা। তবে একের পর এক সুযোগ নষ্ট করেন তাঁরা। ২৩ মিনিটের মাথায় আকে লোবা যখন ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তখন তাঁকে আটকানোর জন্য রাহুল ভেকে ছাড়া আর কেউ ছিলেন না। তিনিই শেষ পর্যন্ত বল ক্লিয়ার করেন।
সবুজ-মেরুন বাহিনীরও সুযোগ নষ্টের সীমা ছিল না। মোহনবাগানের প্রথম সুবর্ণ সুযোগটি আসে ৩০ মিনিটের মাথায়, যখন বাঁদিক থেকে শুভাশিস বসুর দেওয়া ক্রস ছ’গজের বক্সের সামনেই পেয়ে যান থাপা। কিন্তু ওই জায়গা থেকেই বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন তিনি।
দুই দলকেই এদিন ভুলে ভরা ফুটবল খেলতে দেখা যায়। সব মিলিয়ে সারা ম্যাচে এ দিন দশটির মধ্যে দুটি শট লক্ষ্যে রাখে ইস্টবেঙ্গল। সেখানে মোহনবাগানের এাগারোটি শটের মধ্যে চারটি ছিল টার্গেটে।
থাপা বারের ওপর দিয়ে বল ওড়ানোর মিনিট দশেকের মধ্যে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার দু-দু’বার সুযোগ পান জয় গুপ্তা ও লোবা। প্রথমে বিশাল কয়েথ এগিয়ে আসায় গোল ফাঁকা হয়ে গিয়েছিল জয় গুপ্তার সামনে, কিন্তু বল ছিটকে যায় গোলের বাইরে, পরেরবার জয়ের পাস থেকে গোলের সুযোগ পেয়ে গেলেও লোবাকে আটকান রদ্রিগেজ।
প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে বক্সের বাইরে থেকে নেওয়া ডেভিডের দূরপাল্লার শট অনবদ্য সেভ করেন বিশাল কয়েথ। প্রথমার্ধে কোনো দলই একটির বেশি শট গোলের লক্ষ্যে রাখতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের বক্সের মাথায় ফ্রিকিক পেয়েও তা কাজে লাগাতে পারেননি মহম্মদ রশিদ। সোজা মানবপ্রাচীরে গিয়ে লাগে তাঁর শট। মিনিট দশেক খেলা গড়ানোর পর গোল লাইনের সামনে বল পেয়েও তা গোলে ঠেলতে পারেননি ম্যাকলারেন। পরের মিনিটেই মেহতাব সিংয়ের ক্রসে পা লাগাতে পারলেই গোল পেতেন মনবীর সিং। সেই সুযোগও নষ্ট করেন তিনি।
দ্বিতীয়ার্ধের খেলা ১৫ মিনিট হয়ে যাওয়ার পর মনবীরের জায়গায় সামির জেলকোভিচ ও দ্রাজিচের জায়গায় লিস্টন কোলাসোকে নামিয়ে খেলায় গতি বাড়ানোর চেষ্টা শুরু করে মোহনবাগান। ৬৪ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া কোলাসোর চিরপরিচিত হাওয়ায় ভাসানো ফ্রিকিক ইস্টবেঙ্গল গোলকিপার ফুর্বা লাচেনপার হাত থেকে ছিটকে বেরিয়ে আসে এবং ফিরতি বলে গোলে শট নেন লালিয়ানজুয়ালা ছাঙতে, যা ফুর্বার মুখে লেগে আটকে যায়।
তবে ৬৬ মিনিটের মাথায় যে সুযোগ তৈরি করে সবুজ-মেরুন বাহিনী, তাতে আর কোনো ভুল করেননি ম্যাকলারেন। ডানদিক থেকে মেহতাবের দেওয়া ক্রস বক্সের মাথা থেকে ম্যাকাকে বাড়ান লিস্টন। গোলকিপারের এগিয়ে আসার সুযোগ নিয়ে সেই বলই গোলে ঠেলে দেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড। পর ইস্টবেঙ্গলের প্রতীক থাকা কর্নার ফ্ল্যাগ নিয়ে ছক্কা হাঁকানোর অঙ্গভঙ্গি করায় হলুদ কার্ডও দেখেন তিনি। তবে তাতে মোহনবাগান ফুটবলারদের আনন্দে এতটুকু ভাটা পড়েনি।
এই গোলের পরেই লোবার জায়গায় পিভি বিষ্ণু নামেন মাঠে। উদ্দেশ্য অবশ্যই আক্রমণে ধার বাড়ানো। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। শেষ দিকে নিজেদের গোলের সামনে প্রায় দেওয়াল তুলে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট।