কলকাতার ফুটবলের ইতিহাস তাদের ছাড়া সম্পুর্ণ হয় না। এমনকী ভারতীয় ফুটবলেও তাদের একাধিক ঐতিহাসিক মাইলস্টোন রয়েছে। সেই তিন প্রধানের অন্যতম ঐতিহ্যবাহী মহমেডান স্পোর্টিং ক্লাব এ বার দেশের গুরুত্বপূর্ণ ফুটবল লিগ আইএফএল থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ, শনিবারই এই সিদ্ধান্ত তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিচ্ছে।
শুক্রবার ক্লাবের সমর্থকদের ডেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এই খবর শুনে বিচলিত সমর্থকেরা জানতে চান, তা হলে কি ক্লাবের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে এবং ক্লাবও চিরতরে বন্ধ হয়ে যাবে? তাদের আশ্বস্ত করে জানানো হয়, দেশের দ্বিতীয় সারির লিগ ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএফএলে না খেললেও কলকাতায় স্থানীয় লিগ ও অন্য টুর্নামেন্টগুলিতে অংশ নেবে মহমেডান। কিন্তু কোনো ইনভেস্টর বা স্পনসর ছাড়া এ ভাবে আইএএফলের মতো জাতীয় স্তরের টুর্নামেন্ট তাদের পক্ষে খেলা সম্ভব না।
ক্লাবের সচিব শেখ ওয়াসিম আক্রম বলেন, ‘গত পাঁচ মাস ধরে যে পরিস্থিতি চলছে, তাতে দেখা যাচ্ছে আমি ও আমাদের ক্লাবের প্রেসিডেন্ট টাকা না দিলে ক্লাব কোনো ম্যাচই খেলতে নামতে পারছে না। আমরা নিজেরা এ পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা আমরা দিয়ে দিয়েছি এবং পরিচিতদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার ফান্ড তৈরি করেছিলাম। বার্ষিক সদস্য, আজীবন সদস্যদের কাছ থেকে চাঁদা বাবদও টাকা পাওয়া গিয়েছেল যা ফুরিয়ে যেতে বসেছে। এমন অবস্থা যে পরের ম্যাচ খেলার জন্য আমাদের আবার নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে। এ ভাবে আমরা কতদিন ক্লাব চালাব?
প্রাক্তন, বর্তমান ইনভেস্টর থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত সংস্থার দোরে দোরে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু মহমেডান ক্লাবের পাশে দাঁড়াতে কেউ রাজি নয়। এই পরিস্থিতিতে সদস্যরাই আমাদের পরামর্শ দিয়েছে, আইএফএল থেকে দল তুলে নেওয়াই ভাল। স্থানীয় লিগ ও টুর্নামেন্ট খেলব, যুব ফুটবলের ওপর জোর দিতে পারব। বাজারে যে প্রায় ২০ কোটি টাকার ওপর দেনা হয়ে আছে, তা মিটিয়ে দেওয়ার পর যে অর্থ থাকবে হাতে, সেটুকু দিয়ে আশা করি, এগুলো করতে পারব আমরা’।
চলতি ইন্ডিয়ান ফুটবল লিগে মহমেডান এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। চার গোল দিয়ে ১৩ গোল খেলেছে তারা। ১১ দলের লিগ তালিকায় তারা রয়েছে সবার নীচে। এই অবস্থায় প্রতিটি হোম ম্যাচ আয়োজন করতে প্রায় ছ’লক্ষ টাকা করে ব্যয় করাই আপাতত আইএএফএলে অংশগ্রহন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলার ফুটবল ইতিহাসে এক কালো অধ্যায় বলা যায়।
এর ফলে মহমেডানকে দুবছরের জন্য সাসপেন্ড করতে পারে এআইএফএফ এবং দুবছর পর যদি তারা ফের জাতীয় স্তরের টুর্নামেন্ট দল নামানোর মতো অবস্থায় আসতে পারে, তা হলে ফের হয়তো আইলিগের দ্বিতীয় ডিভিশনে খেলার সুযোগ পেতে পারে। কী হবে, এই সম্পর্কে এখন পুরোপুরি অন্ধকারে মহমেডান কর্তারা। আপাতত সামনে অন্ধকারে ঢাকা ভবিষ্যৎ। এই অন্ধকার থেকে কবে আলোয় ফিরবে তাদের প্রিয় ক্লাব, সেই অপেক্ষাতেই থাকতে হবে সাদা-কালো বাহিনীর সমর্থকদের।