আইএসএলে ব্যর্থতার দায় শেষ পর্যন্ত নিতে হল মানোলো মার্কেজকে (Manolo Marquez )। মরসুমের শুরুতে চারটি ম্যাচ খেলেও একটিতেও জয় পায়নি মুম্বই সিটি এফসি। তার পরেই স্প্যানিশ কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিল ক্লাব।
শুক্রবার মুম্বই সিটির তরফে জানানো হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চলতি ২০২৬-২৭ মরসুমের বাকি সময়ের জন্য মার্কেজের (Manolo Marquez ) সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আইএসএলের চলতি মরসুমে প্রথম কোচ বদলের ঘটনা ঘটল।
ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত নাম মার্কেজ। হায়দরাবাদ এফসিকে আইএসএল কাপ জিতিয়েছিলেন তিনি। পরে এফসি গোয়ার দায়িত্ব নিয়েও সাফল্য পেয়েছিলেন। তাঁর কোচিংয়ে গোয়া সুপার কাপ জিতেছিল। পাশাপাশি ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন এই স্প্যানিশ প্রশিক্ষক। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই চলতি মরসুমের আগে তাঁকে এক বছরের চুক্তিতে নিয়েছিল মুম্বই সিটি।
আরও পড়ুন: ওয়েলিংটনে দ্বিতীয় এক দিনের ম্যাচেও বৃষ্টির চোখরাঙানি, বাতিল ভারতের অনুশীলন! কাল খেলা হবে?
কিন্তু প্রত্যাশা পূরণ হল না। চার ম্যাচে দু’টি হার এবং দু’টি ড্র। পাঞ্জাব এফসি ও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করলেও চার্চিল ব্রাদার্স এবং স্পোর্টিং ক্লাব দিল্লির কাছে হারতে হয়েছে মুম্বইকে। ফলে চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশ নম্বরে রয়েছে তারা।
গত রবিবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচটি কার্যত মার্কেজের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। নিজেদের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল মুম্বই। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। পর পর গোল করে সমতা ফেরায় দিল্লি। সংযুক্ত সময়ে জুয়ান সেবাস্তিয়ান পেনার দুরন্ত গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।
ম্যাচের পরে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন মার্কেজ(Manolo Marquez )। বলেছিলেন, শেষ মুহূর্তে এ ভাবে গোল খাওয়া স্বাভাবিক নয়। তাঁর কথায়, ‘২-২ হওয়ার পরে হতাশ হওয়া স্বাভাবিক। কিন্তু মানসিক ভাবে শক্ত থাকতে হবে। ম্যাচটা অন্তত ওই জায়গায় ধরে রাখা উচিত ছিল। শেষ গোলটা যেভাবে আমরা খেলাম, সেটা একেবারেই হাস্যকর।’ দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তখনই তিনি বলেছিলেন, ‘ক্লাব যদি কোচ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, তা হলে তারা সেটা করতেই পারে।’
শুক্রবার মুম্বই সিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলতি মরসুমের বাকি সময়ের জন্য মার্কেজের সঙ্গে সম্পর্ক শেষ করার বিষয়ে দুই পক্ষ সহমত হয়েছে। একই সঙ্গে ক্লাব জানিয়েছে, বর্তমান দল নিয়েই প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যাবে তারা। আগামী দিনে দলকে আরও শক্তিশালী করার চেষ্টাও করা হবে।
মুম্বই সিটির ফুটবল ডিরেক্টর সুজয় শর্মা বলেন, ‘ভারতীয় ফুটবলে তাঁর অভিজ্ঞতা এবং সাফল্যের কথা মাথায় রেখেই আমরা মানোলোকে নিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য প্রথম দলকে প্রয়োজনীয় সহায়তা করা এবং চলতি মরসুমের লক্ষ্য পূরণ করা। দল এবং কোচিং ব্যবস্থা নিয়ে পরবর্তী খবর যথাসময়ে ক্লাবের সরকারি মাধ্যমে জানানো হবে।’
মুম্বই সিটির দায়িত্ব নেওয়ার সময় তাঁকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু নতুন মরসুমে দলের পারফরম্যান্স, চোট-আঘাত এবং ফুটবলার নিয়োগ নিয়ে অসন্তোষ— সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল।
এ বার মার্কেজের (Manolo Marquez ) পরিবর্তে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করেনি মুম্বই সিটি। সহকারী কোচ অ্যান্থনি ফার্নান্দেস অন্তর্বর্তী দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা রয়েছে। আন্তর্জাতিক বিরতির মধ্যে নতুন কোচ খুঁজে নেওয়ার সুযোগও রয়েছে ক্লাবের সামনে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/va985nnNsXQ?si=1whhA6L8_lqJSqB8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>