এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা। টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়ে স্বাভাবিকভাবেই সরব হলেন ভারতের তারকা এই প্যাডলার। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে তাঁকে মূল দলে না রেখে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই তারকা।
বুধবার এক বিবৃতিতে মণিকা জানান, ঘোষিত দলে কোনও পরিবর্তন তিনি চান না। তবে কোন যুক্তিতে তাঁকে মূল দল থেকে বাদ দেওয়া হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা চান। তাঁর অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। যথাযথ তথ্য ও যুক্তিসহ উত্তর না পেলে তিনি আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, গত এশিয়ান গেমসে পদকজয়ী আর এক তারকা ঐহিকা মুখোপাধ্যায়ের বাদ পড়া নিয়েও প্রশ্ন তুলেছেন মণিকা। তাঁর দাবি, দেশের হয়ে পদক জেতার পরেও যদি কোনও খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। একইসঙ্গে, নির্বাচক কমিটির যোগ্যতা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
এদিকে ১৯ বছর বয়সী কলকাতার ছেলে অঙ্কুর ভট্টাচার্য ভারতীয় দলে জায়গা পেলেন না। এই মুহূর্তে তিনি ভারতের উজ্জ্বল তারকা। গত বছর থেকে আন্তর্জাতিক ম্যাচে বিশেষ সাফল্য পেয়েছেন অঙ্কুর। কিন্তু কী কারণে তাঁকে বাদের তালিকায় রাখা হল, তা অজ্ঞাতই থেকে গেছে। আন্তর্জাতিক ক্রমতালিকায় ছেলেদের বিভাগে অঙ্কুরের জায়গা ৮৪। কিন্তু তার থেকে পিছিয়ে থাকা হরমিত দেশাই (৮৭) ও পায়াস জৈন (১০৪) ভারতীয় দলে জায়গা পেয়ে গেছেন। জাতীয় ক্রমতালিকায় অঙ্কুর এই মুহূর্তে যুগ্মভাবে ৪ নম্বরে রয়েছেন। তা সত্ত্বেও তিনি বাদের তালিকায় চলে যাওয়ায় অনেকেই অবাক হয়েছেন।
এশিয়াডের মহিলা দলে সুযোগ পেয়েছেন শ্রীজা আকুলা, দিয়া চিতালে, যশস্বিনী ঘোরপরে, সুতীর্থা মুখার্জি এবং সিন্ড্রেলা দাস। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে মণিকা বাত্রা এবং স্বস্তিকা ঘোষকে। যদিও, মূল বা রিজার্ভ কোনও তালিকাতেই নাম নেই ঐহিকা মুখোপাধ্যায়ের। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন মণিকা। এদিকে, এই ঘটনা যে ভারতীয় টেবল টেনিসে ফের নতুন বিতর্কের তৈরি করেছে তা বলাই বাহুল্য।