চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার রাতে) মুখোমুখি হচ্ছে পিএসজি ও বার্সেলোনা। এক দিকে গত বারের চ্যাম্পিয়ন পিএসজি, অন্য দিকে হান্সি ফ্লিকের বার্সেলোনা। দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সেই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে আটকানোর কৌশল নিয়ে মুখ খুললেন পিএসজি কোচ লুই এনরিকে।
এনরিকে এক সময় বার্সেলোনার কোচ ছিলেন। ফলে ক্লাবটির খেলার ধরন তাঁর অজানা নয়। ইয়ামালের প্রতিভা সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি। তবে স্পেনের এই তরুণ তারকাকে আটকানোর জন্য আলাদা করে কোনও ফুটবলারকে দায়িত্ব দেওয়ার চেয়ে দলের সামগ্রিক পরিকল্পনার উপরেই বেশি জোর দিচ্ছেন পিএসজি কোচ।
ইয়ামালকে কী ভাবে আটকানো সম্ভব? এই প্রশ্নের উত্তরে এনরিকে বলেন, ‘খুব সহজ। ইয়ামালকে বল পেতে দেওয়া যাবে না। ও বল পেলেই বিপদ। লামিনেকে আটকানোর সবচেয়ে ভাল উপায় হল, বার্সেলোনাকে বলের দখল রাখতে না দেওয়া।’
তবে কাজটা যে মোটেই সহজ হবে না, তা-ও স্বীকার করেছেন পিএসজি কোচ। তাঁর কথায়, ‘এটাই আমাদের আদর্শ পরিকল্পনা। কিন্তু বাস্তবে সেটা করা সহজ হবে না। বার্সেলোনার বিরুদ্ধে খেলা কতটা কঠিন, তা আমরা জানি।’
শুধু ইয়ামালকে আটকানোর কথা ভাবলে চলবে না বলে সতর্ক করেছেন এনরিকে। তাঁর মতে, বার্সেলোনায় একাধিক ফুটবলার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারেন।
তিনি বলেন, ‘বার্সেলোনায় প্রচুর প্রতিভাবান ফুটবলার রয়েছে। শুধু ইয়ামাল নয়, রাফিনিয়া, পেদ্রি, কুবার্সি, হোয়ান গার্সিয়াও রয়েছে। এই মানের ফুটবলারদের আটকাতে হলে গোটা দলকে একসঙ্গে কাজ করতে হবে। এক জন ফুটবলারের পক্ষে একা এই দায়িত্ব পালন করা সম্ভব নয়।’
BARCELONA ARRIVES IN PARIS! 🇫🇷✈️
Here’s the Blaugrana’s arrival in the French capital ahead of tomorrow’s Champions League showdown against Luis Enrique’s PSG, the reigning European champions! ✨🏆
#FCBarcelona #PSG #ChampionsLeague #Barca #Football https://t.co/tI1TtVrPYp
— MARCA in English 🇺🇸 (@MARCAinENGLISH) October 19, 2026
বার্সেলোনার জার্সিতে ইয়ামালের দুরন্ত পারফরম্যান্সের পর তাঁকে ঘিরে লিয়োনেল মেসির সঙ্গে তুলনা শুরু হয়েছে। তবে সেই তুলনায় যেতে নারাজ এনরিকে। তাঁর মতে, ইয়ামালের নিজের পরিচয় তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পিএসজি কোচ বলেন, ‘লামিনে ইয়ামাল নিজের মতো হতে চায়, আর সেটা ও খুব ভাল ভাবেই করছে। খেলার বিভিন্ন দিকেও উন্নতি করছে। সর্বকালের সেরা ফুটবলার মেসির সঙ্গে অন্য কারও তুলনা করলে কেউই জিততে পারবে না। ইয়ামাল খুব বুদ্ধিমান। ও নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চায়। অন্যের সঙ্গে তুলনা না করাই ভাল।’
বার্সেলোনার খেলার ধরন নিয়েও প্রশংসা করেছেন এনরিকে। তাঁর মতে, হান্সি ফ্লিকের কোচিংয়ে দলটি আক্রমণাত্মক ফুটবল খেলছে। সেই সঙ্গে ফলাফলও উন্নত হচ্ছে।
এনরিকে বলেন, ফ্লিকের মানসিকতা ও যোগাযোগের ধরন বার্সেলোনার সঙ্গে দারুণ ভাবে মানিয়ে গিয়েছে। দলটি সাহসী ফুটবল খেলে এবং প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে।
নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে নামা যে তাঁর কাছে বিশেষ অনুভূতির, তা-ও গোপন করেননি পিএসজি কোচ। বার্সেলোনার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক রয়েছে। সেখানে খেলেছেন, কোচিংও করিয়েছেন। এখনও ক্লাবটির প্রতি তাঁর আবেগ রয়েছে। তবে এখন তিনি পিএসজির কোচ এবং জিততে চান নিজের বর্তমান দলের হয়েই।
চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইয়ে তাই নজর থাকবে দু’টি কৌশলের দিকে—বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবল বনাম পিএসজির বলের দখল ধরে রাখার পরিকল্পনা। আর সেই দ্বৈরথের কেন্দ্রে থাকবেন ইয়ামাল।