ব্যাট হাতে সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন। আইপিএল থেকে ভারতীয় দলের টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেট— সব জায়গাতেই নিজের ছাপ রেখেছেন তিলক ভার্মা। কিন্তু তাঁর মনের মধ্যে যে অন্য একটি স্বপ্ন এত দিন ধরে লালিত হচ্ছে, তা হয়তো অনেকেরই অজানা ছিল। তিলকের সেই স্বপ্ন— ভারতের হয়ে টেস্ট খেলা।
দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন তিলক। উত্তরাঞ্চলের ১৯৫-এর জবাবে দক্ষিণাঞ্চল ৩১২ রান তোলে। তাতে তিলকের অবদান ছিল অপরাজিত ১১৬। দ্বিতীয় ইনিংসে উত্তর ২৯৭ তুললে দক্ষিণের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮১। দ্বিতীয় ইনিংসে তিলকের অপরাজিত ৫১, রিকি ভুইয়ের ৪২ ও নারায়ণ জগদিশনের ৪৩ তাদের সেই লক্ষ্যে পৌঁছে দেয়। এই দুই ইনিংস তিলকের কাছে শুধুই দলীপ ট্রফির সাফল্য নয়। ভারতীয় টেস্ট দলের দরজা খোলার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ।
ম্যাচের পর তিলক বলেন, ‘আমি সব সময় লাল বলের ক্রিকেট খেলতে ভালবাসি। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলব, এমন স্বপ্ন কখনও দেখিনি। সেটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। ভারতের হয়ে টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছে ঠিকই, কিন্তু আমার শক্তি সব সময়ই লাল বলের ক্রিকেট’।
তিলকের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা হয়েছিল সাদা বল দিয়েই। গত তিন বছরে ভারতের হয়ে ৫৩টি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু সেই সময়েও লাল বলের অনুশীলন থেকে নিজেকে দূরে রাখেননি। বরং টেস্ট ক্রিকেটে জায়গা করে নেওয়ার প্রস্তুতি অনেক ছোট বয়স থেকেই চালিয়ে যাচ্ছেন।
তাঁর কথায়, ‘আমি কঠোর পরিশ্রম করেছি। তা হয়তো কেউ দেখেনি। সম্ভবত ১০ বছর বয়স থেকেই। এখন আমার বয়স ২৩। আইপিএলের জন্যই সাদা বলের ক্রিকেটে সুযোগ পেয়েছি। কিন্তু তার আগে আমি লাল বলের ক্রিকেটে অনেক সময় কাটিয়েছি’।
তার পরেই আরও স্পষ্ট করে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিলক বলেন, ‘এটাই সব সময় আমার শক্তি। আমি টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসি। এটা এমন একটা জিনিস, যা আমার রক্তে রয়েছে।’
‘রঞ্জি খেলার সময়ই পাই না!’
ভারতের হয়ে এখন টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে নিয়মিত হওয়ার লড়াই চালাচ্ছেন তিলক। কিন্তু তাঁর দাবি, টেস্টের প্রস্তুতি নিতে ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলতে চাইলেও আন্তর্জাতিক সূচির চাপে সেই সুযোগ পাচ্ছেন না।
তিলক বলেন, ‘এই মুহূর্তে দেশের হয়ে টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটের জন্য আমি তৈরি। কিন্তু আমি লাল বলের ক্রিকেট খেলতে ভালবাসি। গত তিন-চার বছর ধরে রঞ্জি ট্রফি খেলার চেষ্টা করছি। কিন্তু আন্তর্জাতিক সূচির জন্য সময় পাচ্ছি না’।
তবে যতটা সম্ভব লাল বলের ক্রিকেট খেলে নিজেকে তৈরি করতে চান তিনি। তিলকের কথায়, ‘আমি যত বেশি সম্ভব লাল বলের ক্রিকেট খেলার চেষ্টা করছি। সেখানে রান করতে চাই এবং ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিতে চাই’।
সাদা বলের ক্রিকেটে দীর্ঘ সময় খেলা কোনও ক্রিকেটারের জন্য টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া কতটা কঠিন? তিলকের মতে, উল্টোটা তুলনামূলক সহজ হলেও সাদা বল থেকে লাল বলে যাওয়ার পথ কঠিন।
তিনি বলেন, ‘আমি দ্রুত সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে বদলে যেতে পারি। যারা ক্রিকেট খেলে তারা জানে, লাল বল থেকে সাদা বলে যাওয়া তুলনামূলক ভাবে সহজ। একেবারে সহজ বলছি না, তবে কিছুটা সহজ’।
কিন্তু সাদা বল থেকে লাল বলে বদলানো কঠিন বলেই মনে করেন তিলক। তাঁর ব্যাখ্যা, ‘সাদা বল থেকে লাল বলে যাওয়া বেশি কঠিন। তাই আমি সব সময় মনে করি, লাল বলের ক্রিকেটে যদি আপনার ভাল টেকনিক থাকে, তা হলে আপনি সব ধরনের ক্রিকেটের জন্যই ভাল ক্রিকেটার হতে পারবেন’।
আফগানিস্তান সিরিজের আগে দলীপ ফাইনাল খেলতে চান তিলক
৬ থেকে ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে দলীপ ট্রফির ফাইনাল। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক সেখানে খেলতে চান। কিন্তু সমস্যা হল, আফগানিস্তানের বিরুদ্ধে ১৩ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে তিনি রয়েছেন। ফলে দলীপ ফাইনালে তাঁর খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিলক অবশ্য খেলতে মরিয়া। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি দলীপ ট্রফির ফাইনাল খেলতে চাই। এই ম্যাচটা (সেমিফাইনাল) সবে শেষ হল। আমার মনে হয় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ১৩ তারিখ। আমি ফাইনাল খেলার জন্য তৈরি। তার পর আমাদের দু’দিনের বিরতি রয়েছে। আমি যদি ১১ তারিখ রিপোর্টও করি, তা হলে এক দিন অনুশীলন করতে পারব এবং তার পর ম্যাচ খেলতে যেতে পারব’।
তবে শেষ সিদ্ধান্ত তাঁর হাতে নেই। তিলক বলেন, ‘এটা আমার ভাবনা। কিন্তু সবটাই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। খুব শীঘ্রই আমরা এ বিষয়ে কথা বলব’।
সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই ভারতের দরজা খুলেছে। এ বার লাল বলের ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে সেই স্বপ্নের দরজাটাও খুলতে চান তিলক। দলীপ ট্রফিতে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স সেই লক্ষ্যে বড় পদক্ষেপ বলেই মনে করছেন তিনি।