আর কিছুদিন বাদেই বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে। গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারেও খেতাব জয়ের লক্ষ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আবার বিশ্ব ফুটবলে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়েও প্রচুর আলোচনা হয়ে থাকে। ফুটবল জগতে তাই মেসির সঙ্গে একই জায়গায় অবস্থান করে থাকেন রোনাল্ডো।
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তাঁদেরকে নিয়ে ইতিমধ্যে আলোচনার শেষ নেই। তবে, এই দুই ফুটবলারকে নিয়ে আন্তর্জাতিক স্তরে লড়াইটা অন্যরকম হয়ে থাকে। বলতে দ্বিধা নেই, তাঁদের গুণগত দক্ষতা নিয়ে নানাভাবে চর্চা হয়ে থাকে। কে বড় ফুটবলার তা নিয়ে গবেষণার শেষ নেই। কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। কিন্তু এবারে অবাক হতে হল, আর্জেন্টিনার লিওনেল মেসি প্রশংসায় ভরিয়ে দিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। নিজেই বলেন, রোনাল্ডো না থাকলে তিনিও মেসি হতে পারতেন না। হয়তো এই কথা বলার মাঝে অন্য একটা কৌশল হতে পারে। যেহেতু এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চাপের মধ্যে রাখতে পারে
তিনটি দেশ।
মেসির মতে, তিনি বার্সেলোনা এবং রোনাল্ডো রিয়াল মাদ্রিদে খেলার কারণেই প্রতিদ্বন্দ্বিতা এত বেড়েছে। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক সব সময়েই ভাল। মেসির কথায়, ফুটবলের মতো খেলায় তুলনা বা প্রতিদ্বন্দ্বিতা খুবই স্বাভাবিক। ঠিক যে রকম ক্লাব বা জাতীয় দলের ক্ষেত্রে হয়ে থাকে। তবে খেলাধুলোর বাইরে কোনও শত্রুতা কখনওই ছিল না।
মেসি বলেছেন, ‘আমি যখন বার্সেলোনায় খেলতাম, আর তখন রোনাল্ডো খেলত রিয়াল মাদ্রিদে। ক্লাসিকোয় খেলেছি। দল এবং ব্যক্তিগত ভাবে বিভিন্ন জিনিস অর্জন করার চেষ্টা করেছি। তাই লোকে আমাদের তুলনা করেছে। আমরা যা অর্জন করেছি তাতে শত্রুতা আরও বেড়েছে।’
মেসির মতে, তাঁর সঙ্গে রোনাল্ডোর যে প্রতিদ্বন্দ্বিতা এত দিন হয়েছে তা যথেষ্ট সুন্দর। বলেছেন, ‘ম্যাচ বা পুরস্কারের অনুষ্ঠান ছাড়া আমাদের খুব একটা দেখা হত না। পুরস্কারের সময় সকলেই জানতে চাইত ও জিতছে না আমি। কিন্তু আমাদের সম্পর্ক বরাবরই ভাল। এখন আমরা একে অপরের থেকে অনেক দূরে। তবে যা হয়েছে তাকে সুন্দর অভিজ্ঞতা বলা ছাড়া
উপায় নেই।’
গত বারের বিজয়ী হিসাবে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে এ বার ট্রফি ধরে রাখা সহজ হবে না বলে মত মেসির। তিনি বলেছেন, অনেকেই এখন চোটের মধ্যে রয়েছে। তবে সকলে ফিরে এলে দলটা জেতার জন্য নামবে। এই মুহূর্তে ফ্রান্স ভাল খেলছে। দারুণ সব খেলোয়াড় আছে ওদের দলে। মেসির ধারণা, স্পেন এবং ব্রাজ়িলও যথেষ্ট শক্তিশালী হয়ে খেলতে নামবে। হয়তো সেই কারণেই রোনাল্ডোর পর্তুগাল এবারের বিশ্বকাপে শেষ আটের ম্যাচে যদি আর্জেন্টিনাকে সামনে পায়, তাহলে দুরন্ত লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। হয়তো সেই কারণেই আগেভাগে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি প্রশংসায় ভরিয়ে দিলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।