ইয়ামালকে স্নান করানোর ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি, কী বললেন?

Photo: Representational Image

প্রায় দু’দশক আগে তোলা একটি ছবি। তখন লিওনেল মেসি সবে ফুটবলজগতে নিজের পরিচিতি তৈরি করছেন। আর তাঁর কোলে থাকা শিশুটি তখন মাত্র কয়েক মাসের। সময়ের স্রোতে রবিবার বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চলেছে সেই শিশু। কারণ, সেই শিশুই আজ স্পেনের বিশ্বকাপ দলের সবচেয়ে বড় ভরসা লামিন ইয়ামাল। আর সেই ম্যাচের আগেই ফের ভাইরাল হয়েছে ২০০৭ সালের সেই ঐতিহাসিক ছবি।

অবশেষে সেই বহুচর্চিত ছবি নিয়ে নীরবতা ভাঙলেন মেসি। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই পাগলামি। ওই সময় কেউ ভাবতেও পারেনি, এত বছর পরে আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলব’।

মেসি আরও জানান, সেই ছবিটি তাঁর কাছেও বিশেষ আবেগের। কারণ, সেটি ছিল একটি চ্যারিটি কর্মসূচির অংশ। বার্সেলোনা এবং ইউনিসেফের উদ্যোগে আয়োজিত সেই ফটোশুটে কয়েকজন শিশুর সঙ্গে ক্লাবের ফুটবলারদের ছবি তোলা হয়েছিল। ভাগ্যের পরিহাসে সেই শিশুদের একজন ছিলেন লামিনে ইয়ামাল। পরে ইয়ামালের বাবা ২০২৪ সালে ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করার পরই সেটি বিশ্বজুড়ে আলোড়ন ফেলে।


১৯ বছর বয়সি ইয়ামালের উত্থানেও মুগ্ধ মেসি। তিনি বলেন, ‘ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এত কম বয়সে যা করছে, তা অবিশ্বাস্য। আশা করি, ওর সাফল্য বার্সেলোনার জন্যও দারুণ কিছু বয়ে আনবে’।

২০০৭-এ ক্যাম্প ন্যুয়ে তোলা সেই ছবিতে দেখা গিয়েছিল, তরুণ মেসি প্লাস্টিকের ছোট্ট বাথটাবে শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন। তখন মেসির বয়স ছিল মাত্র ২০। আর ইয়ামালের বয়স ছিল কয়েক মাস। ঘটনাটি তখন নিছক একটি চ্যারিটি ফটোশুট হলেও, প্রায় ১৯ বছর পরে সেটাই যেন ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য প্রতীকী মুহূর্তে পরিণত হয়েছে।

ভাগ্যের এই অদ্ভুত সংযোগ নিয়েই এখন ফুটবল বিশ্ব সরগরম। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন মেসি, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের মুখ ইয়ামাল। একসময় যে ফুটবলার তাঁকে কোলে তুলে স্নান করিয়েছিলেন, এবার সেই কিংবদন্তির বিরুদ্ধেই বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবেন ইয়ামাল। ফুটবলের রূপকথা যেন বাস্তবের মাঠেই নতুন অধ্যায় লিখতে চলেছে।