শচীনের একাধিক রেকর্ড ভেঙে চুরমার হবে এই সিরিজেই? বিরাট কোহলি, রোহিত শর্মার সামনে নয়া ইতিহাস গড়ার হাতছানি!

Photo: X

তিরুবনন্তপুরমে আজ, রবিবার শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচের বাইরেও নজর থাকবে দুই মহাতারকার দিকে— বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কারণ এক ম্যাচেই একাধিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে দু’জন। তার মধ্যে বেশ কয়েকটি রেকর্ড আবার জড়িয়ে রয়েছে শচীন তেন্ডুলকরের নামের সঙ্গে।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্ব হিসাবেই দেখা হচ্ছে এই সিরিজকে। সেই আবহেই ব্যক্তিগত মাইলফলকের হাতছানি কোহলি-রোহিতের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

১৫ হাজার থেকে মাত্র ৫৯ রান দূরে!


বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর নজরই অবশ্য থাকবে বিরাট কোহলির দিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে ৫৯ রান করলেই ১৫ হাজার ওয়ানডে রানের ক্লাবে ঢুকে পড়বেন তিনি। শচীন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়বেন কোহলি। সিরিজেই সেই মাইলফলক স্পর্শ করলে দ্রুততম ১৫ হাজার ওয়ানডে রানের রেকর্ডও তাঁর দখলে চলে আসবে।

এখন পর্যন্ত ৩১৪টি ওয়ানডেতে কোহলির রান ১৪,৯৪১। রয়েছে ৫৪টি শতরান এবং ৭৯টি অর্ধশতরান। ওয়েস্ট ইন্ডিজ তাঁর পছন্দের প্রতিপক্ষগুলির অন্যতম— ৪৩টি ম্যাচে করেছেন ২,২৬১ রান, গড় ৬৬.৫০, সেঞ্চুরি ন’টি।

সামনে শচীনের আরও তিন রেকর্ড

কোহলির নজর শুধু ১৫ হাজারে আটকে নেই। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও শচীনের দখলে—৬,৯৭৬। কোহলির ঝুলিতে এখন ৬,৮৬৭। অর্থাৎ আরও ১১০ রান করলেই সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন তিনি।

ঘরের মাঠে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির ক্ষেত্রেও শচীনকে টপকানোর সুযোগ রয়েছে কোহলির সামনে। শচীনের ৪২টি শতরানের রেকর্ড ভাঙতে প্রয়োজন আরও দু’টি সেঞ্চুরি। একই সঙ্গে লিস্ট-এ ক্রিকেটে শচীনের ৬০টি শতরানের রেকর্ড পেরোতেও কোহলির দরকার দু’টি সেঞ্চুরি।

তিরুবনন্তপুরম অবশ্য কোহলির জন্য পয়া মাঠ। এই মাঠে দু’টি ওয়ানডে খেলে এখনও আউট হননি তিনি। রান করেছেন ১৯৯। ২০২৩-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৬৬ রানের ইনিংসটি এখনও এই মাঠে তাঁর অন্যতম স্মরণীয় ব্যাটিং।

রোহিতের সামনেও বড় মাইলফলক

পিছিয়ে নেই রোহিতও। ১২ হাজার ওয়ানডে রানের মাইলফলক থেকে মাত্র ১০৫ রান দূরে ভারতের প্রাক্তন অধিনায়ক। শচীন ও কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়বেন তিনি। এখনও পর্যন্ত ২৮৮টি ওয়ানডেতে রোহিতের রান ১১,৮৯৫।

শুধু তাই নয়, ওপেনার হিসাবেও ১০ হাজার ওয়ানডে রানের সামনে দাঁড়িয়ে ‘হিটম্যান’। এই মাইলফলক থেকে এখন তাঁর দূরত্ব ১৩৫ রান। শচীনের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার এবং বিশ্বের চতুর্থ ওপেনার হিসাবে এই কীর্তি গড়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তাঁর পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল— ৩৭ ম্যাচে ১,৬১৩ রান, গড় ৫৭.৬০, সেঞ্চুরি তিনটি এবং অর্ধশতরান ১২টি।

নজরে রবীন্দ্র জাদেজাও

কোহলি-রোহিতের পাশাপাশি আর এক ভারতীয় ক্রিকেটারের সামনে রয়েছে রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে-তে সর্বাধিক উইকেট নেওয়ায় রবীন্দ্র জাদেজা এখন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে। দু’জনেরই উইকেট ৪৪টি। আর একটি উইকেট নিলেই একক ভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন জাদেজা।

অর্থাৎ, তিরুবনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে আর এক লড়াই— রেকর্ডের সঙ্গে কোহলি, রোহিত এবং জাদেজার। সামনে ২০২৭ বিশ্বকাপ। তার আগে এই সিরিজেই ইতিহাসের পাতায় নিজেদের নাম আরও এক বার লিখে রাখার সুযোগ তিন ভারতীয় তারকার সামনে।

 

আজ, রবিবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে দুপুর ২টো থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ও জিও হটস্টার অ্যাপে।